দ্য নিউ ডাকযোগে পাওয়া

আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি শুধু জানতে চাই, আমার হাতের লেখা কি এতই খারাপ যে না পড়েই ওয়েস্ট পেপার বক্সে ফেলে দিতে হয়? আর যদি খারাপ হয়েই থাকে, তাহলে কী করলে আমার হাতের লেখা সুন্দর করতে পারি?
শায়লা ইয়াসমিন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

l আপনি সুতন্বীএমজে কিংবা সোলায়মানলিপি ফন্টগুলো ব্যবহার করে দেখতে পারেন। ইংরেজির বেলায় টাইমস নিউ রোমান চলতে পারে।
আমি বিয়ে করতে চাই না। আরও কিছুদিন বাঁচতে চাই। কিছুদিন আগেও তো মারবেল খেললাম, লাটিম ঘুরালাম। আরও কত কী! ইদানীং আকারে-ইঙ্গিতে আমার বিয়ে নিয়ে কথাবার্তা শুনতে পাচ্ছি (আগেই ঠিক করে রাখা আরকি)। শুনে লজ্জায় মরে যাচ্ছি। কেমন লাগে বলুন তো!
জহির উদ্দিন লস্কর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
l আরও কিছুদিন বাঁচতে চাইলে বেশি বেশি অক্সিজেন গ্রহণ করুন। বেশি বেশি অক্সিজেনের জন্য আপনাকে বনবাসে যেতে হবে। কিন্তু দেশে তো সব বন উজাড়প্রায়। তাই আপনাকে অনেক বেশি বেশি গাছ লাগাতে হবে। বেশি বেশি গাছ লাগানোর জন্য অনেক জনবল দরকার। এর জন্য আপনাকে অবশ্যই বিয়ে করতে হবে এবং অধিক সন্তানের বাবা হতে হবে। তারপর অনেক সন্তান নিয়ে একযোগে অনেক গাছ লাগান। বেশি দিন বাঁচুন।