দ্য নিউ ডাকযোগে পাওয়া

বি.স. ভাইয়া, সাবধান! এবার আমি আলাদিনের চেরাগ পেয়েছি। এবার যদি আমার লেখা বাতিল বক্সে ফেলেন, তাহলে দৈত্যকে বলব আপনার অবস্থা কেরোসিন বানাতে। তাই আপনার ভালোর জন্য বলছি, লেখাটি ছাপিয়ে দিন। আর একটা কথা, আপনার কষ্টটাও আমি বুঝি। পাঠক যেমন লেখা পাঠাতে পাঠাতে ক্লান্ত, আপনিও নিশ্চয় লেখা ছাপাতে ছাপাতে ক্লান্ত। এবার একটি ক্লান্তি সংখ্যা বের করুন।
রোহিত রুদ্র, নাসিরাবাদ, চট্টগ্রাম
আপনার সমস্যাটা আমি ঠিক বুঝতে পারলাম না। তাই লেখাটাও ছাপানোর কোনো ইচ্ছা ছিল না। কিন্তু শুধু কেরোসিনের কথা শুনে ছাপাচ্ছি। আপনার দৈত্যকে বলুন, জলদি জলদি দেশের ভুয়া রাজনীতিবিদদের অবস্থা কেরোসিন বানিয়ে দিতে। তাতে দেশে যে পরিমাণ কেরোসিন মজুত হবে, তাতে অচিরেই আমরা বহির্বিশ্বে অন্তত কেরোসিন রপ্তানি করতে পারব। আর ক্লান্তি সংখ্যার কথা বলছেন? আপনার কি মনে হচ্ছে না, প্রতিটা সংখ্যাই ক্লান্তি সংখ্যা বের হচ্ছে! তবে আমাদের চেয়ে বেশি ক্লান্ত বোধ হয় ছাপাখানার মেশিন। প্রতি সপ্তাহেই বেচারা একই জিনিস ছাপতে ছাপতে সত্যিই অনেক ক্লান্ত।