দ্য নিউ ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমি কখনো উড়োজাহাজে চড়িনি। খুব কাছ থেকে দেখার সৌভাগ্য অবশ্য হয়েছে। আচ্ছা, উড়োজাহাজে চড়লে কি ক্ষুধা লাগে? আমি আবার ক্ষুধা সহ্য করতে পারি না একদম! শুনেছি, ওপরে উঠলে ওজন কমে যায়। আমি আবার ওজনও হারাতে চাই না। কিন্তু উড়োজাহাজেও চড়তে চাই, যত তাড়াতাড়ি সম্ভব। এ ক্ষেত্রে কী করতে পারি?
সাইফুর রহমান, বন্দরটিলা, চট্টগ্রাম
 উড়োজাহাজ দুর্ঘটনার এমন সময়ে আপনার এ ইচ্ছা অবশ্যই প্রাণঘাতী! তার পরও আপনি যখন এতটাই সংকল্পবদ্ধ, তখন একটা উপায় তো বের করতেই হবে। উড়োজাহাজে উঠলে ক্ষুধা লাগে, কথা সত্যি। এর জন্য আপনি উড়োজাহাজে উঠে হোম ডেলিভারি সার্ভিসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যখনই ক্ষুধা লাগবে, তখনই তারা খাবার হাজির করবে আপনার সামনে। আর ওজন ধরে রাখার জন্য ভারী ভারী বই পড়ুন, মাথার ওপর দিয়ে যায়, এমন দুর্বোধ্য সিনেমা দেখুন। এসব বই পড়লে ও সিনেমা দেখলে আপনার ওজন বৃদ্ধি পাবে নিশ্চিত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এ মৌসুমে আমি পড়েছি মহাবিপদে! টি-টোয়েন্টির প্রভাব এখন আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে। পড়তে বসলে দ্রুতই পড়া শেষ করতে ইচ্ছা করে। ক্লাসেও ২০ মিনিটের বেশি বসে থাকতে পারি না। প্রেমিকার সঙ্গে আগে যেখানে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতাম, এখন ২০ মিনিট হলেই অস্থির লাগে! এমনকি কোনো কিছু কিনতে গেলে ২০ টাকার বেশি দিতে ইচ্ছা করে না। এটা নিয়ে অনেক বিক্রেতার সঙ্গে ঝগড়াও হয়েছে! কী করব, পরামর্শ দিন।
ফাইজুল লতিফ

উত্তরা, ঢাকা
 বোঝাই যাচ্ছে, টি-টোয়েন্টি ফোবিয়ায় আক্রান্ত আপনি। খুব তাড়াতাড়ি ২০ মাইলের মধ্যে অবস্থিত কোনো হাসপাতালে ভর্তি হতে পারেন। সেখানে ২০ দিন চিকিৎসা নেওয়ার পর আশা করি সুস্থবোধ করবেন। আর তা না হলে পাঁচ দিনের টেস্ট ম্যাচ দেখুন বসে বসে। এখন অবশ্য কোনো টেস্ট সিরিজ চলছে না। তাই ইন্টারনেট ঘেঁটে টেস্ট ম্যাচগুলো আবার দেখুন। এ ছাড়া একটি কচ্ছপ কিনতে পারেন। তারপর প্রতিদিন সকালে ওই কচ্ছপের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় নামুন। তবে মনে রাখবেন, কচ্ছপের সঙ্গে জিতে গেলে সমস্যার সমাধান মিলবে না!