দ্য মেট্রোর মোড়ক উন্মোচন
দ্য মেট্রো নামে নতুন একটি ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিনের প্রকাশনা উৎসব হলো শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে। ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। তিনি বলেন, চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতিকে সবার কাছে পরিচিত করে তুলতে লাইফস্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন দ্য মেট্রো অগ্রণী ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, সাংবাদিকেরাই সমাজের পথপ্রদর্শক। লেখনী শক্তির মাধ্যমে লেখক ও সাংবাদিকেরাই পারেন যেকোনো অঞ্চলের সংস্কৃতিকে বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে। মহিউদ্দীন মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম বাবু, উপদেষ্টা মহিবুল কাদের চৌধুরী, মৃণাল দত্ত, বাবুল দে, কমল দাশ, ফয়সাল আজিম, আনিস ওরাসি ও সম্পাদক জয় দে প্রমুখ। মোড়ক উন্মোচনের পর চট্টগ্রামের খ্যাতিমান ফ্যাশন ডিজাইনারদের পোশাক পরে অনন্য বড়ুয়ার কোরিওগ্রাফিতে র্যা ম্পে হাঁটেন মডেলরা। এ ছাড়া উৎসবে নৃত্য পরিবেশন করেন পাপন একাডেমির নৃত্যশিল্পীরা। বিজ্ঞপ্তি