দ্যুতিময় চোখ চাইলে ...

যুক্তরাজ্যের গবেষকেরা বলছেন, মানুষকে প্রথমে আকৃষ্ট করে উজ্জ্বল ও দ্যুতিময় চোখ। কিন্তু এই উজ্জ্বল ও দ্যুতিময় চোখ পাওয়া কিন্তু খুব একটা সহজ কাজ নয়। এর জন্য রাতে ঘুমাতে হবে পর্যাপ্ত আর চোখকে পর্যাপ্ত বিশ্রামও দিতে হবে।
যুক্তরাজ্যের দুই হাজার ব্যক্তিকে নিয়ে করা সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য পেয়েছেন গবেষকেরা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।
যুক্তরাজ্যের মুরিন আই ড্রপ নামের একটি প্রতিষ্ঠান সম্প্রতি চোখ ভালো রাখার উপায় নিয়ে একটি গবেষণা করেছিল, সে গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের এক-তৃতীয়াংশই মনে করেন ক্লান্তি অনুভব করলে তাঁদের চোখে সমস্যা হতে শুরু করে।
মুরিন আই ড্রপের বিশেষজ্ঞরা চোখ ভালো রাখার কয়েকটি পরামর্শ দিয়েছেন।
বেশি করে পানি পান করুন
বিশেষজ্ঞরা জানিয়েছেন চোখ ভালো রাখতে শরীরে আর্দ্রতা থাকা আবশ্যক। বেশি করে পানি পান করলে শরীর আর্দ্র থাকে। লবণজাতীয় খাবার বেশি না খাওয়া এবং মদপানের অভ্যাস ছাড়লে চোখ ভালো থাকে।
খাবারে থাক মাছ
চোখ ভালো রাখতে ডিম ও তেলযুক্ত মাছ খাবার অভ্যাস গড়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ছোট মাছ বিশেষ করে ভিটামিন ‘এ’ জাতীয় খাবার বেশি করে খেতে হবে।
বেশি করে সবুজ সবজি খান
চোখের জ্যোতি বাড়াতে বেশি করে সবুজ শাক-সবজি খেতে পারেন।
চোখ ধুয়ে ফেলুন
দিনে কয়েকবার পরিষ্কার ঠান্ডা বা হালকা-গরম পানি দিয়ে চোখ ধুয়ে ফেললে ক্লান্তিজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
অন্যের চশমা ব্যবহার করবেন না
অন্যের সুন্দর রোদ চশমা দেখে তা চোখে পরার লোভ সামলান। অন্যের চশমা ব্যবহার করলে চোখের সমস্যা হতে পারে।
চোখকে বিশ্রাম দিন
একনাগাড়ে কম্পিউটার বা প্রযুক্তিপণ্য ব্যবহার করবেন না। চোখকে সাময়িক বিশ্রাম দিন। কাজের সময় কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখুন।
দরকার টানা লম্বা ঘুম
চোখের বিশ্রামের জন্য লম্বা ঘুম দিন। এতে চোখ প্রাণবন্ত হয়ে উঠবে।