দ্রুত পৌঁছার আশায় যানজটের ফাঁদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আদালত ভবনে একটি মামলায় সাক্ষ্য দিতে যাচ্ছিলেন লোহাগাড়ার ব্যবসায়ী আবদুল হক। নির্দিষ্ট সময়ে পৌঁছাতে শাহ আমানত কর্ণফুলী সেতু এলাকায়ই নেমে পড়লেন তিনি। দ্বিগুণ ভাড়ায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ছুটলেন গন্তব্যে। সেই ছোটা বেশিক্ষণ স্থায়ী হলো না। চামড়ার গুদামে পৌঁছার আগেই থেমে গেছে অটোরিকশার চাকা। ঝাড়া ৩৮ মিনিট পর সামনের গাড়িগুলো নড়েচড়ে উঠল। ইঞ্চি ইঞ্চি করে এগুলো আবদুল হকের অটোরিকশাও। দেড় ঘণ্টা পর যখন আদালত ভবনে পৌঁছালেন তখন মামলার সাক্ষ্য শেষ, নতুন তারিখ দিয়েছেন আদালত। এটা গত বৃহস্পতিবার সাড়ে ১২টার ঘটনা। আবদুল হক বললেন, ‘দ্রুত গন্তব্যে পৌঁছার জন্য কর্ণফুলী সেতু এলাকায় নেমে চাক্তাই সড়ক ধরেছিলাম। ভেবেছিলাম বহদ্দারহাট বাসটার্মিনালে নেমে আদালত ভবনে যাওয়া সময়সাপেক্ষ হবে। পরে দেখি সেটাই ভালো ছিল। আমি প্রতিজ্ঞা করেছি, চাক্তাই-পাথরঘাটা-কোতোয়ালি সড়কে আর কখনো যাব না।’ সহজ পথে কম সময়ে গন্তব্যে পৌঁছাতে যাঁরা চাক্তাই-কোতোয়ালি সড়ক ব্যবহার করেন তাঁরা প্রায় সময় এমন বিড়ম্বনায় পড়েন। সরু সড়ক, ঘন ঘন মোড়, যখন তখন ট্রাকের আগমন ও বিদ্যালয়ের কারণে এ সড়কে প্রতিদিন ভয়াবহ যানজট হয়। বিশেষ করে সকাল আটটা-নয়টা, দুপুর একটা-দুইটা ও বিকেল চারটা থেকে রাত ১০টা পর্যন্ত নিয়মিত যানজট হয় এখানে। যানজট বেশি হয় আশরাফ আলী সড়ক, মিরিন্ডা সড়ক, মোহন দাশ সড়ক ও চামড়ার গুদাম এলাকায়। এতে করে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়েন। জানা যায়, এ পথে কয়েকটি সড়ক ঘুরে চলাচল করে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পোসহ নানা যানবাহন। যাত্রীবাহী টেম্পো চলাচল করলেও যাত্রীর তুলনায় তা কম।পাঠক বাবু নামে এক যাত্রী জানালেন, কোতোয়ালি মোড় থেকে কর্ণফুলী সেতুর দূরত্ব আড়াই কিলোমিটার। যানজট না থাকলে রিকশায় যেতে সময় লাগে ১০-১৫ মিনিট। কিন্তু যানজটে পড়লে ৩০ মিনিট থেকে দেড় ঘণ্টাও লেগে যায়। পটিয়ার ব্যবসায়ী সুমন দে বলেন, ‘সপ্তাহে দুইবার আসা-যাওয়া করি। এ পথে শহর কাছে। তাড়াতাড়ি পৌঁছার আশায় এ পথে যাতায়াত করি। কিন্তু প্রায় সময় যানজটে নাকাল হতে হয়।’কোতোয়ালি মোড় থেকে এক কিলোমিটারের ব্যবধানে সড়কটির কয়েকটি নাম। মহিম দাশ সড়ক, মিরিন্ডা সড়ক, ব্রিক ফিল্ড সড়ক, আশরাফ আলী সড়ক, চামড়ার গুদাম, চাক্তাই সড়ক নাম ধারণ করে এটি সংযুক্ত হয়েছে কর্ণফুলী সেতু সড়কের সঙ্গে। মহিম দাশ সড়কের মুদি দোকানি দীন ইসলাম বলেন, ‘দক্ষিণ চট্টগ্রামের যাত্রীরা তাড়াতাড়ি শহরে ঢুকতেই এ সড়কে যাতায়াত করেন। কিন্তু তাড়াতাড়ি পৌঁছা হয় না। সরু রাস্তায় শুধু ট্রাক ঢোকার কারণে দিনে আট থেকে ১০ বার যানজট হয়।’ ব্রিক ফিল্ড সড়কের মিষ্টি ব্যবসায়ী বাবুল দত্ত বলেন, বিদ্যালয়ের সময় সকাল আটটা থেকে নয়টা, দুপুর একটা থেকে দুইটা ও ছুটির সময় বিকেল চারটায় যানজট হয় বেশি। বিকেলের জট রাত ১০টা পর্যন্ত স্থায়ী হয়। যানজটের সময় গাড়িতে গিজগিজ করে রাস্তা। হাঁটার জায়গা পর্যন্ত থাকে না। গাড়ির হর্নের উচ্চমাত্রার শব্দে দোকানদার ও এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েন। শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারেন না। চার বছর ধরে এ সড়কে টেম্পো চালান নোয়াখালীর মিজানুর রহমান। প্রতিদিন পাঁচ থেকে ১০ বার যানজটে পড়তে হয় বলে জানান তিনি। রিকশাচালক মো. সোলায়মান বলেন, ‘কোতোয়ালি থেকে কর্ণফুলী সেতু পর্যন্ত ভাড়া ২০ টাকা হলেও যানজটে পড়লে ২৫-৩০ টাকা নিই। যানজট না থাকলে প্রতিদিন ২০০-৩০০ টাকা আয় হয়। যানজট হলে ১০০-১৫০ টাকার বেশি আয় হয় না।’ গত বৃহস্পতিবার দুপুরে চামড়ার গুদাম মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন কমিউনিটি পুলিশের সদস্য মো. ইসহাক, আবুল হোসেন ও শাহীন আলম। ১০-২০ টাকা নিয়ে এ সড়কে ট্রাক ঢুকতে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তাঁরা বলেন, ‘আশরাফ আলী সড়কে কিছু লোহা, গাছের দোকান ও বরফ কারখানা আছে। সেখানে যাওয়ার বিকল্প রাস্তা না থাকায় বাধ্য হয়েই ট্রাক ঢোকাতে হয়।’ রাতের বদলে দিনে কেন ট্রাক ঢোকে? এমন প্রশ্নের উত্তরে মো. ইসহাক বলেন, ‘আমরা ট্রাকের চলাচল নিয়ন্ত্রণ করি। রাস্তা যানজটমুক্ত রাখি।’ তবে নতুন মেরিনার্স সড়ক চালু হওয়ায় ইকবাল সড়কের সঙ্গে যুক্ত হয়ে মিরিন্ডা সড়ক পর্যন্ত বিকল্প রাস্তা তৈরি করেছে। এতে সড়কের যানজট কিছুটা কমেছে বলে মনে করেন যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা।