দ্রুত বাস্তবায়ন চান নগর-পরিকল্পনাবিদ ও ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের বিমানবন্দর সড়কের সল্টগোলা থেকে নৌবাহিনীর হাসপাতালের ফটক পর্যন্ত আলাদা লেন করার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগ। বিমানবন্দর ও পতেঙ্গা সমুদ্রসৈকতগামী যাত্রীদের সুবিধার্থে পুলিশ প্রশাসন আলাদা লেন করার এই পরিকল্পনা নেয়। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ী ও নগর পরিকল্পনাবিদেরা।

২২ অক্টোবর নিরাপদ সড়ক চাই (নিসচা)–এর জাতীয় নিরাপদ সড়ক দিবসের সভায় চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার মো. ইকবাল বাহার এ কথা বলেন। চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুুল খালেক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে যানজট পরিস্থিতি ভয়ানক। বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীরা এই যানজটের কারণে চট্টগ্রামে আসতে চান না। বিমানযাত্রীদের জন্য আলাদা লেন হলে ভোগান্তি কমবে। এই উদ্যোগ দ্রুত বাস্তবায়ন জরুরি।’

ব্যবসায়ী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরের কাস্টমস মোড় থেকে নৌবাহিনীর হাসপাতাল পর্যন্ত বিমানবন্দর সড়কে তীব্র যানজট লেগে থাকে। ওই সড়কের দুই পাশ ট্রাক, কাভার্ড ভ্যান ও প্রাইম মুভারের (দীর্ঘ দৈর্ঘ্যের কনটেইনারবাহী গাড়ি) দখলে চলে গেছে। বন্দরের কনটেইনার ও মালামাল পরিবহনের জন্য গাড়িগুলো রাস্তার পাশে অপেক্ষমাণ থাকে। ফলে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের ওই অংশ সংকুচিত হয়ে যাওয়ায় প্রতিদিন তীব্র যানজট লেগে থাকে। ভোগান্তিতে পড়েন বিমানযাত্রীরা।

 নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল হাসান বলেন, বিমানবন্দরগামী যাত্রীদের অনেকে নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছাতে পারছেন না। যানজটের কারণে তাঁরা উড়োজাহাজে উঠতে ব্যর্থ হচ্ছেন। কারণ সল্টগোলা থেকে নৌ বাহিনীর হাসপাতাল পর্যন্ত ১ দশমিক ৮৯ কিলোমিটার সড়ক কাভার্ড ভ্যান বা প্রাইম মুভারের দখলে থাকে। সেখানে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।

মাসুদ-উল হাসান আরও বলেন, ‘আমরা ভিআইপি যাত্রী ও সমুদ্র সৈকতগামী পর্যটকদের সুবিধার্থে সল্টগোলা থেকে নৌ–বাহিনীর হাসপাতাল পর্যন্ত বিদ্যমান সড়কে আলাদা লেন করার পরিকল্পনা নিয়েছি। ওই লেন দিয়ে কেবল ছোট গাড়িতে চড়ে ভিআইপি যাত্রীরা বিমানবন্দরে ও পর্যটকেরা সমুদ্রসৈকতে যেতে পারবেন।’

পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, এটি স্থায়ী কোনো সমাধান নয়। তবে এটি চালু সাময়িক স্বস্তি পাবে বিমানযাত্রীরা।

নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী আলী আশরাফও এ উদ্যোগ দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি বলেন, এটি মন্দের ভালো। তবে উন্নত করতে হবে ট্রাফিক ব্যবস্থাপনা।