দ্রুত ভাজা তাজা মাছের স্বাদ
ছেঁড়াদিয়া দ্বীপের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হরেক রকমের প্রবাল, শৈবাল ও শামুক-ঝিনুক। এ কারণে পর্যটকের কাছে দ্বীপটির আকর্ষণ বেশি। বর্তমানে প্রতিদিন অন্তত এক হাজার পর্যটক এ দ্বীপ ভ্রমণ করছেন।ছেঁড়াদ্বীপে নামতেই নজরে পড়ে বিশাল প্রবাল পাথরের স্তূপ। এ পাথরের স্তূপের ওপর চেয়ার-টেবিল বসিয়ে সাগর থেকে সদ্য ধরে আনা তাজা মাছ ভেজে বিক্রি করেন অনেকে। দ্রুত ভাজা তাজা মাছের স্বাদ নেন পর্যটকেরা। তাঁদেরই একজন সেন্ট মার্টিনের পূর্বপাড়ার বাসিন্দা আমিন উল্লাহ (৩৪)। টেবিলের ওপর সাজিয়ে রেখেছেন কাঁচা রুপচাঁদা, কালো চাঁদা, মাইট্যা, পোপা, চাপা, কোরাল, কাটাচাঁদা, লবস্টারসহ নানা মাছ। পর্যটকেরা দোকানের সামনে দাঁড়িয়ে দরদাম করে কাঁচা মাছ কিনে নেন, আর কয়েক মিনিটের মধ্যে সেই মাছ চোখের সামনে আগুনে পুড়িয়ে ভেজে (গ্রিল) দিচ্ছেন আমিন উল্লাহ। তারপর টেবিল অথবা পাথরে বসে কিংবা হেঁটে হেঁটে ভাজা মাছ খাওয়ার প্রতিযোগিতা চলে। কবির আহমদের আশপাশে পাথরের ওপর বসে জীবিত কাঁকড়া রান্না করে পরিবেশন করছেন আরও দুই ব্যবসায়ী। এঁদের দোকানেও পর্যটকের উপচে পড়া ভিড়। বড় পাত্রে রাখা জীবিত কাঁকড়া কিনে নিচ্ছেন লোকজন, দ্রুত তা রান্না করে দেন বিক্রেতারা। একেকটি কাঁকড়ার দাম ৪০-৭০ টাকা। যা অন্য এলাকায় ২০০-৪০০ টাকা। ঢাকার মিরপুর থেকে আসা কলেজশিক্ষক বোরহান আহমদ (৪৫) জানান, ঢাকার যেকোনো অভিজাত হোটেলে আধা কেজি ওজনের একটি রুপচাঁদা কিংবা কোরাল মাছ গ্রিল করে খেতে চাইলে দাম পড়বে ৬০০-৭০০ টাকা। কিন্তু এখানে ২০০-৩০০ টাকায় তা খাওয়া যায়। সমুদ্রের মাঝখানে বসে তরতাজা ভাজা মাছ খাওয়ার আনন্দ একেবারে আলাদা, এ সৌভাগ্য সবার হয় না। ঢাকা সিটি কলেজের ছাত্র ইকবাল বাহার জানান, ছেঁড়াদ্বীপের বিভিন্ন স্থানে সামুদ্রিক মাছ ও কাঁকড়া বিক্রি হলেও ভাত বা অন্য কোনো খাবার পাওয়া যায় না। এ কারণে সবাইকে ভাজা মাছ খেতে হচ্ছে। মাছের রাজ্যে ভ্রমণে এসে শুধু মাছ খেয়েই ফেরার জন্য সম্ভবত এ ব্যবস্থা। টেকনাফ থেকে পর্যটকবাহী কয়েকটি জাহাজ সকাল সাড়ে নয়টায় ছেড়ে দুপুর সাড়ে ১২টার মধ্যে সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছায়। এরপর বিকেল পাঁচটা পর্যন্ত চলে সেন্ট মার্টিন থেকে ছেঁড়াদ্বীপে আসা-যাওয়া। বিকেল থেকে পরদিন দুপুর পর্যন্ত ছেঁড়াদ্বীপ থাকে জনমানবহীন। আর ওই সময় ভাজা মাছের গন্ধও পাওয়া যায় না।