অবশেষে চট্টগ্রামে স্থায়ী নির্বাচন কার্যালয় হতে যাচ্ছে। চলতি বছরের মধ্যে নতুন ঠিকানায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা নির্বাচন কার্যালয় ছাড়াও তিনটি থানা নির্বাচন কার্যালয় হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তিনতলার এমফ নতুন ভবনটিতে সার্ভার স্টেশন হবে। এতে করে ছবিসহ ভোটার তালিকার চট্টগ্রাম বিভাগের সব ডেটা এখানে সংরক্ষিত থাকবে। নগরের লাভলেন পেট্রলপাম্পের পাশে দশমিক ৩৩ একর জমিতে এই নির্বাচন কার্যালয়সহ সার্ভার স্টেশনের কাজ চলছে। ডিসেম্বর থেকে নির্মাণকাজ শুরু হয়েছে। এক বছরের মধ্যে এই স্টেশনের কাজ শেষ করার কথা রয়েছে। তবে কাজের গতি অনুযায়ী, আগামী অক্টোবরের মধ্যে নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। গণপূর্ত দপ্তর এই ভবন নির্মাণের দায়িত্বে রয়েছে। গণপূর্ত দপ্তরের উপসহকারী প্রকৌশলী মাহবুবুল আলম বলেন, ‘আমরা ইতিমধ্যে ভিত্তির কাজ শেষ করেছি। দ্রুতগতিতে কাজ হচ্ছে। আশা রাখছি, নির্ধারিত সময়ের আগেই নির্মাণকাজ শেষ হবে।’ জানা গেছে, তিনতলা ভবনের প্রতিটিতে ছয় হাজার ৭০০ বর্গফুট জায়গা থাকবে। এতে একটিতে চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় এবং তিনটি থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থাকবে। এ ছাড়া থাকবে সার্ভার স্টেশন। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব এস এম এজাহারুল হক বলেন, ‘আশা করি, এ বছরের শেষ দিকে চট্টগ্রামের নির্বাচন কার্যালয়ের নির্মাণকাজ শেষ হবে। এটা হলে চট্টগ্রাম বিভাগের ভোটার আইডি কার্ড ও জাতীয় পরিচয়পত্রের সব ডেটা সেখানে সংরক্ষিত থাকবে, যার মাধ্যেমে আঞ্চলিক লোকজন দ্রুত সেবা পাবে।’ সার্ভার স্টেশন হলে পরিচয়পত্রের ভুলভ্রান্তি কিংবা এ-সংক্রান্ত নানা কাজের জন্য ঢাকায় দৌড়াতে হবে না। জানা গেছে, ইতিমধ্যে চট্টগ্রামের ১৪ উপজেলা নির্বাচন কার্যালয়ের মধ্যে ১২টি নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়েছে। আগামী এক দুই মাসের মধ্যে বাকি দুটিও নিজ নিজ ভবনে চলে যাবে। লাভলেনের সার্ভার স্টেশনে যে তিনটি থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থাকবে সেগুলো হলো কোতোয়ালী, পাঁচলাইশ ও চান্দগাঁও। কোতোয়ালী থানার নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান বলেন, ‘সার্ভার স্টেশন ও নির্বাচন কার্যালয় এক জায়গায় থাকলে আমরা জনসাধারণকে দ্রুত সেবা দিতে পারব। তখন বিভিন্ন নির্বাচনী কাজও সহজ হবে।’নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই সার্ভার স্টেশন নির্মাণের পাশাপাশি নগরের আরও তিনটি থানা নির্বাচন কার্যালয় করার জন্য জায়গা খোঁজা করা হচ্ছে। নগরের ডবলমুরিং থানা এলাকায় এজন্য একটি জায়গা দেখাও হয়েছে বলে জানা গেছে।