সৃষ্টি আর সুন্দরের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অশুভ শক্তির বিরুদ্ধেই প্রতিটি চরণ উচ্চারিত হয়েছে ত্রিস্বর আবৃত্তি সংঘ আয়োজিত কবিতা সন্ধ্যায়। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘দ্রোহ জেগে উঠুক কবিতায়’ শিরোনামের এই আয়োজনে ত্রিস্বর ছাড়াও চট্টগ্রামের প্রধান প্রধান সংগঠনের শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন। তাদের কণ্ঠে সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে সত্য ও সুন্দরকে ধারণ করার প্রত্যয় ছিল। অনুষ্ঠানের শুরু সুলতানা নাসরিনের আবৃত্তির মাধ্যমে। তিনি শোনান মহাদেব সাহার ‘আমি কাকে বলব’ কবিতাটি। এরপর শামছুল করিম পাঠ করেন অসীম সাহার ‘আমি স্বাধীনতার কথা বলছি’, ফরহাদ পলাশ শোনান নির্মলেন্দু গুণের ‘তুমি চলে যাচ্ছ’। কবিতা আবৃত্তির ফাঁকে ফাঁকে চলছিল কথামালা। ত্রিস্বরকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন সংগীতশিল্পী শান্তনু বিশ্বাস, কবি এজাজ ইউসুফী, আবৃত্তিকার সোহেল আনোয়ার এবং বাংলাদেশ বেতারের সাবেক মুখ্য উপস্থাপক ফজল হোসেন।সুজন মোর্শেদের গ্রন্থনা ও নির্দেশনায় ‘একুশ আমার চেতনার রং’ শিরোনামের একটি বৃন্দ পরিবেশনা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। এতে অংশ নেন ইছমত আরা, মাঈনউদ্দিন ইমন, নওশীন আক্তার, আবদুল মন্নান, বিজন কান্তি সুশীল, নাজমা বেগম, সাহাব উদ্দিন ইমু, হুমায়ুন কবির ও হরিদাস পাল।বৃন্দ পরিবেশনা শেষে মঞ্চে আসেন কবি ওমর কায়সার। তিনি বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের শাস্তি এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অহিংস আন্দোলনে শিল্পীত স্লোগান আর প্রতিবাদী গান চলছে তখন আরেক পক্ষ সহিংস হয়ে তাদের আসল রূপের বহিপ্রকাশ ঘটিয়েছে। এই অবস্থায় ত্রিস্বরের মতো সবাইকে সজাগ থাকতে হবে। ওমর কায়সারের বক্তৃতার পর মঞ্চে যোগ দেন এজাজ ইউসুফী। দুই কবির উপস্থিতিতে শুরু হয় ত্রিস্বরের শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা ২০১২-এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান। সনদ বিতরণে পর আবারও শুরু হয় আবৃত্তি পর্ব। আবৃত্তি করেন ইছমত আরা, ওমর ফারুক এবং ফারহানা সালেহা। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন উচ্চারক আবৃত্তি কুঞ্জের ফারুক তাহের, ত্রিতরঙ্গের অমিত অমি, প্রমার নাজমুল আলম, নির্মাণ আবৃত্তি অঙ্গনের বাপ্পি হায়দার, বর্ণ আবৃত্তি পাঠশালার সাইদুল করিম, তারুণ্যের উচ্ছ্বাসের শ্রাবণী দাশ গুপ্তা, বোধনের প্রণব চৌধুরী, চট্টগ্রাম আবৃত্তিচর্চাকেন্দ্রের এহতেশামুল হক, নরেন আবৃত্তি একডেমির মিশফাক রাসেল ও শব্দনোঙরের হাসান জাহাঙ্গীর। তাদের শিল্পীত পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে। উপভোগ্য এই অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন সাখাওয়াত রিগান।