ধকল সামলে উঠতে পারেননি কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীঘিনালার মেরুং ইউনিয়নে গত ২২ জুন হঠাৎ বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮০টি পরিবার দুর্দশায় িদন কাটাচ্ছে। সরকার থেকে বন্যার পর নগদ এক হাজার টাকা ও ৩০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হলেও আর কোনো সাহায্য মেলেনি। ইউনিয়নের ৯৮১ জন কৃষকও তেমন কোনো সাহায্য পাননি। বন্যায় ফসলের খেত ও মাছের খামার ক্ষতিগ্রস্ত হওয়ার পর নতুন করে চাষ করতে পারেননি তাঁরা।
ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮০টি পরিবারের তালিকা খাগড়াছড়ি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। তবে এখনো কেউ সাহ্যায্য পায়নি।
উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ২২ জুন হঠাৎ বন্যায় মেরুং ইউনিয়নের আটটি কৃষি ব্লকে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ৪০ একর জমির আমন ধানের বীজতলা, ১১২ একর আউশ ধানের জমি ও ১৭৭ একর সবজিখেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। মেরুং ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, হঠাৎ বন্যায় মেরুং এলাকার চাষিরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমনের বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় নতুন করে আবার বীজতলা তৈরি করতে হবে। উপজেলা মৎস্য কর্মকর্তা অবর্ণা চাকমা বলেন, ‘উপজেলার অধিকাংশ মাছের খামার গড়ে উঠেছে মেরুং ইউনিয়নে। বন্যায় এই ইউনিয়নের সাড়ে ৩০০ পুকুর ডুবে গেছে। এসব পুকুরের প্রায় দেড় কোটি টাকার মাছের পোনা ভেসে গেছে। আমরা সরেজমিন গিয়ে আরও ক্ষয়ক্ষতি নির্ণয়ের চেষ্টা করছি।’
মেরুং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, ‘বন্যায় আমার ইউনিয়নের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। ২২ জুন তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার ৩০ কেজি চাল ও সামান্য নগদ টাকা ছাড়া আর কোনো সাহায্য পায়নি। কৃষক ও মাছের খামারিরা ধকল সামলে উঠে ঘুরে দাঁড়াতে পারেননি।
গ্রামীণ সড়কগুলোও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।’ উপজেলা ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোশারফ হোসেন বলেন, ‘বন্যার ক্ষয়ক্ষতি নির্ণয় করছে বিভিন্ন বিভাগ। আমরা স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে ১৮০টি পরিবারের তালিকা পেয়েছি। তালিকাটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।’