ধনঞ্জয় ও বৃষ্টির দুই ব্রোঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার মনে হয়, আরও ভালো ফলাফল করতে পারতাম। কিন্তু প্রশ্ন বুঝে উঠতে উঠতেই সময় পেরিয়ে যাওয়ায় সবগুলো জবাব দেওয়া হয়ে ওঠেনি। আমাদের একটি কম্পিউটার প্রোগ্রাম দেখানোর পরই প্রশ্ন করা হতো। তাই বলা যায়, সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে গিয়েই সমস্যা হয়েছে।’ বলছিলেন ২৪তম আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে (আইওআই) ব্রোঞ্জ পতকজয়ী বৃষ্টি সিকদার। বৃষ্টি ১৬৯ নম্বর পেয়ে ১৪৩তম স্থান লাভ করেন। ৮১টি দেশের ৩১৭ জন প্রতিযোগী অলিম্পিয়াডে অংশ নিয়েছেন। এর মধ্যে বাংলাদেশের পক্ষে প্রতিযোগিতায় অংশ নেন চারজন। তাঁরা হলেন চট্টগ্রাম গ্রামার স্কুলের বৃষ্টি সিকদার, ঢাকা কলেজের নুর মুহাম্মদ শফিউল্লা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাফিস সাদিক ও চট্টগ্রামের ধনঞ্জয় বিশ্বাস। চারজনের মধ্যে ব্রোঞ্জপদক জিতে নিয়েছেন ধনঞ্জয় ও বৃষ্টি। ধনঞ্জয় ২১৯ নম্বর পেয়ে হয়েছেন ৮৯তম। ইতালির সিরমিয়ন শহরে গত ২৩ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে কম্পিউটার বিজ্ঞানের আন্তর্জাতিক প্রতিযোগিতা ইনফরমেটিকস অলিম্পিয়াড। ব্রোঞ্জ পদকের পাশাপাশি মেয়েদের মধ্যে শ্রেষ্ঠ ফলাফলের জন্য বৃষ্টি পেয়েছে বিশেষপুরস্কার। এবারের আইওআই-এ বাংলাদেশ দলের দলনেতা ছিলেন অধ্যাপক এম কায়কোবাদ।উপ দলনেতা ছিলেন সালেহা কায়কোবাদ। দলটি ১৭ সেপ্টেম্বর জার্মানি যায়, এর ২৩ সেপ্টেম্বর পৌঁছে ইতালি।ধনঞ্জয় ও বৃষ্টি অংশ নেন ২৫ ও ২৭ সেপ্টেম্বরের প্রতিযোগিতায়। মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে তাঁরা গত আগস্ট মাসে ঢাকায় প্রশিক্ষণ নিয়েছেন। ২০০৪ সাল থেকে বাংলাদেশ ইনফরমেটিকস অলিম্পিয়াড কমিটি দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। ধনঞ্জয় ও বৃষ্টি চট্টগ্রাম ফিরে আসেন ১ অক্টোবর।২ অক্টোবর কথা হয় তাঁদের সঙ্গে।এ বছরই দুটি সাফল্য যোগ হয়েছে ধনঞ্জয়ের অর্জনের খাতায়। কারণ চলতি বছরের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশের জন্য প্রথম রৌপ্যপদক অর্জন করেন ধনঞ্জয়।এসব প্রাপ্তি সম্পর্কেধনঞ্জয় বললেন, ‘যা হওয়ার তা-ই হয়েছে। এ নিয়ে তেমন কিছু ভাবি না আমি। তবে আইওআইতে অংশগ্রহণ বাড়াতে এবং আগ্রহ সৃষ্টির জন্য আমাদের দেশে প্রচার-প্রচারণার পাশাপাশি এ বিষয়ে প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা আরও বাড়ানো দরকার।’ নিজেদের প্রস্তুতির কথা জানাতে গিয়ে ধনঞ্জয় বলেন, ‘আমরা তো নিজেরা কয়েকজন মিলে ঢাকায় প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এ ক্ষেত্রে জাতীয় পর্যায়ে উদ্যোগ নেওয়া হলে অথবা অন্যভাবে পৃষ্ঠপোষকতার ব্যবস্থা করা হলে ভালো হতো। যা অন্য দেশগুলোর ছেলেমেয়েদের ক্ষেত্রে করা হয়।’ ইনফরমেটিকস অলিম্পিয়াডের প্রতি আগ্রহীরা গুগলে সার্চ দিয়ে এ-সংক্রান্ত সাইটগুলো থেকে অনলাইনে সহযোগিতা পেতে পারেন বলে জানালেন ধনঞ্জয়। SPOJ, UVA, USACO ইত্যাদি সাইটে যোগাযোগ করেছেন তিনি।ধনঞ্জয় উচ্চমাধ্যমিক পাস করেছেন চট্টগ্রাম কলেজ থেকে। এবার কী করবেন জানতে চাইলে বললেন, ‘এখনো ঠিক করিনি কিছু।’ ধনঞ্জয়ের বাবা মিলন কান্তি বিশ্বাস ব্যবসায়ী। মা স্বপ্না রানী দে স্বাস্থ্যকর্মী। একমাত্র ছোট ভাই পড়ে নবম শ্রেণীতে।বৃষ্টি সিকদারের জন্য এ ধরনের আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণের অভিজ্ঞতা প্রথম। তাঁর মূল লক্ষ্য ছিল, অলিম্পিয়াডের জাতীয় পর্যায় পর্যন্ত পৌঁছে ‘জাফর ইকবাল স্যারে’র (মুহম্মদ জাফর ইকবাল) সঙ্গে পরিচিত হওয়া। কারণ সেখানে তিনি উপস্থিত থাকেন বলে শুনেছেন। শেষ পর্যন্ত আইওআই-এর জন্য বাংলাদেশ দলে জায়গা করে নিলেন বৃষ্টি এবং তাঁর অনেক দিনের স্বপ্নও পূরণ হলো। বৃষ্টি বললেন, ‘২০০৯ সালে আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশের আবিরুল ইসলাম রৌপ্যপদক জিতেছিলেন। দুই বছর পর আমরা দুজন আবার পদক ছিনিয়ে এনেছি, এটাও কম পাওয়া নয় আমাদের জন্য।’ বৃষ্টি এবারের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। বর্ধিত ক্যাম্প পর্যন্ত এগোনোর সুযোগ হয়।বাবা নিখিলচন্দ্র সিকদার ও মা রেনুবালা সিকদার দুজনের অনুপ্রেরণাই তাঁকে এগিয়ে যেতে সহায়তা করেছে। দুজনই বৃষ্টির এ সাফল্যে খুশি। বাবা প্রকৌশলী আর মা অর্থনীতিতে স্নাতকোত্তর। তিন বোনের মধ্যে বড় বৃষ্টি। এদের একজন ষষ্ঠ ও অপরজন সপ্তম শ্রেণীতে পড়ে। বৃষ্টি পড়ছেন চট্টগ্রাম গ্রামার স্কুলে ‘এ’ লেভেলে। অবসরে ছবি আঁকা আর বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সময় পার করেন। টেলিভিশন দেখেন।ছবি আঁকার ঝোঁক ছোটবেলা থেকেই। এর মধ্যে বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে। ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতে গিয়ে বৃষ্টি বললেন, ‘আমি প্রতিটি জিনিসের বেলায়ই একটু কম কম করে ভাবি। আপাতত আমার স্বপ্ন ভালোভাবে উচ্চমাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। পাশাপাশি ভবিষ্যতে ইনফরমেটিকস অলিম্পিয়াডে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া।’ কথার রেশ টেনেই জানালেন, ‘আমি কিন্তু দেশেই থাকতে চাই। পড়াশোনার জন্য বিদেশে গেলেও আবার ফিরে আসব। সেখানে স্থায়ীভাবে থাকার কোনো ইচ্ছেই নেই। আর এমন কিছু করতে চাই যাতে আমাদের দেশের চেহারাটাই বদলে দেওয়া যায়।’ আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে বাংলাদেশ এবার যে সাফল্য পেল তার ধারবাহিকতা অব্যাহত থাক এই প্রত্যাশা আমাদের।