ধনীদের শীর্ষ দশে দুই নারী

বিশ্বব্যাপী নারীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। সম্প্রতি বিশ্বখ্যাত ফোর্বস সাময়িকীর প্রকাশ করা বিশ্বের শীর্ষস্থানীয় ধনী বা কোটিপতি ব্যক্তিদের প্রথম ১০ জনের মধ্যে দুজন নারী স্থান করে নিয়েছেন। তাঁরা হলেন যুক্তরাষ্ট্রের ক্রিস্টি ওয়ালটন ও ফ্রান্সের লিলিয়ান বেতেনক্যুয়ো।
ফোর্বস-এর এবারের তালিকায় নারী কোটিপতির সংখ্যা ২৯ থেকে বেড়ে ১৯৭ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে ৬৭ জনই যুক্তরাষ্ট্রের। এ ছাড়া জার্মানির ১৯ ও ব্রাজিলের ১৩ জন। গত বছর নারী কোটিপতি ছিলেন ১৭২ জন।
ক্রিস্টি ওয়ালটন: ফোর্বস ম্যাগাজিনের তৈরি করা বিশ্বের শীর্ষস্থানীয় ধনী ব্যক্তিদের তালিকার অষ্টম স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ক্রিস্টি ওয়ালটন। তাঁর সম্পদের মোট মূল্য ৪ হাজার ১৭০ কোটি ডলার। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী নারী তিনি। গত ছয় বছরের মধ্যে এ নিয়ে পাঁচবার এই স্বীকৃতি পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ধনীদের মধ্যে ক্রিস্টির অবস্থান ষষ্ঠ।
৬০ বছর বয়সী ক্রিস্টি বিশ্ববিখ্যাত মার্কিন ওয়াল-মার্ট করপোরেশনের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটনের ছেলে প্রয়াত জন ওয়ালটনের স্ত্রী। জন ওয়ালটন ২০০৫ সালে বিমান দুর্ঘটনায় নিহত হলে বিশাল সম্পত্তির মালিক হন ক্রিস্টি। উত্তরাধিকার সূত্রে পাওয়া সেই সম্পদকে দ্বিগুণেরও বেশি করেছেন এই নারী।
লিলিয়ান বেতেনক্যুয়ো: ফোর্বস ম্যাগাজিনের তৈরি করা বিশ্বের শীর্ষস্থানীয় ধনী ব্যক্তিদের তালিকার দশম স্থানে আছেন ফ্রান্সের লিলিয়ান বেতেনক্যুয়ো। তাঁর সম্পদের মোট মূল্য ৪ হাজার ১০ কোটি ডলার। এই মুহূর্তে তিনি বিশ্বের দ্বিতীয় ধনী নারী। ফ্রান্সের সবচেয়ে ধনী ব্যক্তি তিনি।
৯২ বছর বয়সী ফরাসি এই বিধবা নারীর আয়ের উৎস এল’ওরিয়েল নামের প্রসাধন প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তাঁর বাবা ইউজেন শুয়েলার ১৯০৭ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। উত্তরাধিকার সূত্রে তিনিও বিপুল সম্পদের মালিক হন।