ধন্য ধনঞ্জয়
‘রাত ১০-১১টার দিকে কম্পিউটার নিয়ে বসতাম। একনাগাড়ে সকাল আটটা পর্যন্ত চলত আমার কাজ। এরপর সারা দিন ঘুম। তিন-চারটার দিকে ঘুম ভাঙত। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) শুরুর দেড় মাস আগের কথা। তখন এটাই ছিল আমার রুটিন। এখন আর রাত ১২টার পর জাগতে দেন না মা-বাবা।’ এসব কথা বলেন গণিত-বালক ধনঞ্জয়। পুরো নাম ধনঞ্জয় বিশ্বাস। ২০১১ সালে নেদারল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) ব্রোঞ্জপদক বিজয়ী। মাত্র এক নম্বরের জন্য তাঁর রৌপ্যপদক হাতছাড়া হয়। এ সময় তিনি ইনফরমেটিকস (কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা) অলিম্পিয়াডের জন্যও মনোনীত হন। কিন্তু প্রায় একই সময়ে গণিত অলিম্পিয়াড শুরু হওয়ায় তাতে অংশ নেওয়া সম্ভব হয়নি। ধনঞ্জয় ২০০৮ সালে প্রথম গণিত অলিম্পিয়াডে অংশ নেন। তখন নবম শ্রেণীর ছাত্র। সেবার ঢাকায় জাতীয় পর্ব পর্যন্ত যাওয়ার সুযোগ পান এবং ‘চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন’ হন। ২০১০ সালে চট্টগ্রাম আঞ্চলিক পর্বে প্রথম হন। কিন্তু এসএসসি পরীক্ষার জন্য ঢাকায় যাওয়া হয়নি। ২০১১ সালে চট্টগ্রামে প্রথম, ঢাকায় চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন। মেইন এক্সটেনডেন্ট ক্যাম্প পেরিয়ে আইএমও ক্যাম্পে যোগ দেন। ধনঞ্জয় চট্টগ্রাম সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। বাবা মিলন কান্তি বিশ্বাস। পেশায় ব্যবসায়ী। মা স্বপ্নারানী দে দায়িত্ব পালন করছেন স্বাস্থ্য সহকারীর। একমাত্র ভাই সঞ্জয় বিশ্বাস পড়ছে অষ্টম শ্রেণীতে। হালকা-পাতলা ছিপছিপে গড়নের ধনঞ্জয় এখনো স্কুল-বালকের মতোই দেখতে। কথাবার্তায় কেমন কাব্যিক ভাব। পড়াশোনা, নিয়মনীতির বেড়াজাল তাঁকে কাছে টানে না। কম্পিউটারের সঙ্গে তাঁর সখ্য। পদার্থবিদ্যা, গণিত অথবা কম্পিউটার সায়েন্সে আন্ডারগ্র্যাজুয়েটে পড়াশোনার স্বপ্ন দেখেন। কিন্তু মা-বাবার ইচ্ছে, ছেলে তাঁদের চিকিৎসক, না-হয় প্রকৌশল হবে। এতে মোটেও সায় দিতে চান না ধনঞ্জয়। তাঁর সাফ জবাব, ‘আমাকে দিয়ে এসব হবে না। এত পড়ালেখা কে করবে?পড়ালেখায় আমার এত মন বসে না। আমার অঙ্ক করতে ভালো লাগে। আর প্রোগ্রামিং অনুশীলন তো আছেই।’ ধনঞ্জয়দের বাসা চট্টগ্রাম নগরের স্ট্র্যান্ড রোডে। গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার বাকখাইন গ্রামে। পূজার ছুটি ছাড়া গ্রামে যাওয়া হয় না খুব একটা। একেবারে ছোটবেলায় যতটা সময় কাটিয়েছেন সেখানে, এখন আর সে রকম কাছে টানে না। কারণ, তখনকার বন্ধুবান্ধবদের সবাইকে খুঁজেও পাওয়া যায় না। অনেকের সঙ্গে যোগাযোগ নেই অনেক দিন। ফলে গ্রামকে অনেকটা পানসে মনে হয় ধনঞ্জয়ের কাছে। ওর প্রিয় শহর চট্টগ্রাম। তাঁর ভাষায়, ‘যানজট, জনজট মিলে ঢাকা আমার কাছে অসহনীয় মনে হয়। যতক্ষণ ক্যাম্পে থাকি সে ভিন্ন কথা। কিন্তু সেখান থেকে বের হলে আর ভালো লাগে না।’নেদারল্যান্ডের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, ‘ওদের সব খাবার আমার ভালো লাগত না। হোটেলের খাবার খুব একটা খেতে পারতাম না। বাইরে থেকে আনা খাবারই ভরসা ছিল।’‘অবসর তো নেই-ই আমার। সময় পেলে বই পড়ি।’ কার বই? ‘মুহাম্মদ জাফর ইকবালের। বলতে গেলে স্যারের কোনো বই-ই আমার পড়ার বাকি নেই।’ স্কুলবেলায় ধনঞ্জয় ক্রিকেট ও ফুটবলে মেতে থাকতেন। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ছাত্র ছিলেন। কিন্তু এখন আর সে সুযোগ পাওয়া যায় না। সকালে কলেজ, এসে ঘুম। তারপর কম্পিউটারে প্রোগ্রামিং, গণিত নিয়ে ব্যস্ততা। এরই ফাঁকে ফাঁকে গান শোনেন। শুধুই গান শোনা হয় না। তাঁর প্রিয় শিল্পী অর্ণব। ব্র্যান্ড ‘শিরোনামহীন’। উচ্চাঙ্গসংগীতে তাঁর পছন্দের তালিকায় ভায়োলিনশিল্পী এহুদিমেনোহীন। খাবারের তালিকায় ধনঞ্জয়ের পছন্দ সবজি। ‘ক’ আদ্যক্ষরের সবজি যেমন—করোলা, কাঁকরোল, কাঁচকলা ও কচু ছাড়া সব সবজিই তাঁর ভালো লাগে। এ ছাড়া শুঁটকি ভালো লাগে। ইলিশ ছাড়া অন্য কোনো মাছ খান না। মাছে গন্ধ লাগে বলে।