ধন্যবাদ, লোডশেডিং
সন্ধ্যায় বাসায় ফিরে শুনলাম পাশের বাসায় নতুন ভাড়াটে এসেছে। আম্মু বললেন, ‘চল, একটু দেখা করে আসি সঙ্গে।’ যাব না যাব না করেও শেষমেশ গেলাম। তবে এক থলি বিরক্তি নিয়ে। কলবেল চেপে দাঁড়িয়ে আছি। কারও খোলার নাম নেই। আরও কয়েকবার চাপলাম। তারপর যা ঘটল সেটা আমার জীবনে প্রথম। আমার সামনে একজন অদ্ভুত সুন্দর পরি দাঁড়িয়ে আছে! আমার যেন-তেন জোয়ার নয়, প্রেমের জোয়ার বয়ে গেল। কিছুক্ষণের জন্য ভুলে গেলাম আমি পৃথিবীতে আছি। মেয়েটির রূপের বর্ণনা দিতে গেলে এ মাসে আর শেষ হবে না। তাই থাক, সেটা না হয় অন্য কোনো এক মাসে দেওয়া যাবে। ‘এই যে ভাইয়া, দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসেন।’আমার মরে যাওয়া ইন্দ্রিয়গুলো তাজা হলো মেয়েটির ডাকে। পাশ ফিরে দেখি আম্মু নেই। ভড়কে গেলাম প্রথমবারের মতো। ‘আম্মু কোথায়?’ বলতেই মেয়েটি বলল, ‘ভেতরের রুমে আছেন। আপনি বসুন।’যা হোক, বসতে বসতে চুল টুল একটু ঠিকঠাক করার চেষ্টা করলাম। নিজেকে যতভাবে হ্যান্ডসাম করে উপস্থাপন করা যায় তার সব সিস্টেম প্রয়োগ করতে লাগলাম। কথায় ‘র’-এর জায়গায় ‘ড়’ ব্যবহার করতে লাগলাম। আমি বললাম, ‘তোমাড় নাম কী?’‘সিমু।’ উত্তরে আমার নামটা জিজ্ঞেস করার কথা ছিল। কিন্তু করল না। আমি নিজেই বললাম, ‘আমাড় নাম ড়াব্বি। এবাড় অনার্স থার্ড ইয়াড়।’‘ও... আচ্ছা। আমি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছি।’ বলেই মেয়েটি মুখ টিপে হাসতে লাগল। বুঝলাম না ব্যাপারটা কী। আমি কি খুব কড়া করে ‘র’-এর জায়গায় ‘ড়’ উচ্চারণ করে ফেলেছি। প্রবলেম নিয়ে ভাবছি, এমন সময় ভেতর থেকে সিমুর ডাক পড়ল। ফিরে এল একটি ন্যাংটো বাচ্চা কোলে নিয়ে। আমি বললাম, ‘কে এটা?’‘আমার ছোট ভাই।’‘ওয়াও...। কী সুন্দর বেব্বি। দেখি দেখি দেখি একটু কোলে দাও দেখি।’ সিমু লজ্জামাখা মুখে হেসে বলল, ‘ন্যাংটো যে?’‘তাতে কি? দাও দাও।’বাচ্চাটাকে কোলে দিয়ে সিমু ভেতরে গেল বাচ্চার প্যান্ট আনতে। আমি নাক-মুখ দিয়ে বাচ্চাটার পেটে কাতুকুতু দিতে দিতে খেলা করতে লাগলাম। একটু পর যা ঘটল তাতে আমি দ্বিতীয়বারের মতো ভড়কে গেলাম। মনে হলো, বুকের ওপর গরম কিসের যেন পানি এসে পড়ল। আমি বাচ্চাটার পেটে মুখ দিয়ে কাতুকুতু দিচ্ছি। বুক থেকে পানি গড়িয়ে প্যান্টের দিকে চলে গেল! কী সর্বনাশ! বুঝলাম ব্যাটা কাজ সেরে দিয়েছে। চিড়িক করে আবার এক ঝলক কুকর্ম নাকের ওপর এসে পড়ল। কী করব না করব ভাবছি। এমন সময় তৃতীয়বারের মতো ভড়কালাম। আমার ডান হাতের তালুর ওপর পুটপাট ভুটভাট শব্দ হতে শুরু হলো। ব্যাটার পশ্চাদ্দেশ আমার ডান হাতের তালুর ওপর থাকায় সেখানে গরম আঠালো পদার্থ জমা হতে শুরু হলো। আমার যখন এই নাজেহাল অবস্থা, তখন গেল বিদ্যুৎ চলে। আমার যে কী পরিমাণ আনন্দ হলো! মনে হলো বিদ্যুৎ অফিসের সবাইকে নোবেল প্রাইজ দিয়ে আসি। এ অবস্থায় সিমু চলে এলে কী হতো? আমি আর কিঞ্চিৎ বিলম্ব না করে ডান হাতটা প্যান্টের পকেটে ভরে মুছে নিলাম। সিমু ফিরে আসার সঙ্গে সঙ্গে তার ভাইকে কোলে দিয়ে বের হয়ে এলাম অতি দ্রুত। অনুজ মোহনপুর, রাজশাহী।