ধরা
ইসহাক আলীর হাঁকডাক শুনে মনে হচ্ছে, মাথার ওপর ঝাঁ ঝাঁ করছে দুপুরের রোদ। সকাল থেকে এই নিয়ে দুবার চোটপাট হয়েছে স্কুলপড়ুয়া ছেলে হোসেন আলীর সঙ্গে। কিছুতেই বাগে আনতে পারছে না ছেলেকে। দুদিন ধরে কাজেকর্মে নিতে পারছে না। নিজেরও বয়স হয়েছে, এ বয়সে এত ঝুঁকি নিতে পারে না সে। সে কারণে তার মনে হচ্ছে, এমন ছেলে থাকোনের চাইতে না থাকোনই ভালো। মনে মনে আরেকবার ছেলের সঙ্গে চোটপাট দেখানোর প্রস্তুতি নিতে যাচ্ছে ইসহাক আলী। কিন্তু তখনই শরতের আকাশ ভেঙে ঝুপঝুপ করে বৃষ্টি শুরু হলো।
মেজাজ পড়ল ইসহাক আলীর। ঘরের ভেতর বসেই মিহি গলায় ডাকল, ‘আপনের বই পড়োন শ্যাষ হইছেনি, বাপজান?’ ডাক শুনে ছেলের মন নরম হলো। সাড়া মিলল, ‘জে আব্বা, আইসতেছি।’ বই ছেড়ে বাবার সামনে গিয়ে দাঁড়াল ১০ বছরের হোসেন আলী।
বাবা-ছেলে ঘর ছেড়ে বাইরে এল। শরতের আকাশ আবার হেসে উঠেছে। বাবার পেছন পেছন হাঁটছে ছেলে। পেছন থেকে দেখলে যে কেউ বুঝবে, বালক হোসেন আলী হাঁটছে না, গলায় অদৃশ্য দড়ি পরে বাছুরের মতো কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে। যদি কোনো উপায় থাকত, তবে আজ সে ছুটে পালিয়ে যেত। এর আগেও সে কয়েকবার পালাতে চেয়েছে, কিন্তু পারেনি। পালালে ভাত পাবে কোথায়! আজ ইসহাক আলী তাকে বলেছে, ‘আজই শ্যাষ, তোর আর এই কামে যাইতে হইব না বাপজান।’ দুজনের হাঁটার দূরত্ব ক্রমে বাড়ছে দেখে পেছন ফিরে ইশারায় ছেলেকে জোরে হেঁটে আসতে বলল ইসহাক আলী।
প্রায় পোনে এক ঘণ্টা হেঁটে এসে বড় রাস্তার মোড়ে পৌঁছাল তারা। লোকজনের ভিড় নেহাত মন্দ না। কর্মব্যস্ত মানুষের ছোটাছুটি দেখে ইসহাক আলীর চোখ চিকচিক করে উঠল। বাবা ছেলেকে নিয়ে একটা ভরা বাসে উঠে পড়ল। লোকজনের ঠাসাঠাসিতে এখন আর পেরে ওঠে না ইসহাক আলী। জোরে দম নেয় সে। দম ছেড়ে ছেলের কানের কাছে মুখ নিয়ে কিছু একটা বলে। মাথা নাড়ে হোসেন আলী, কিন্তু চোখ পাকায় বাবা। এবার কাজ হলো। দুজন ভরা বাসের দুই প্রান্তে সরে গেল। বাস দুটো স্টেশন পার হয়ে গেলে ইসহাকের মনে শঙ্কা আর রাগ জমা হলো। ঠিক তখনই বাসের লোকজনের চিত্কার শোনা গেল, পকেটমার পকেটমার। ভিড়ের মধ্যে থেকে হোসেন আলীর কণ্ঠ ভেসে এল, ‘বাপজান, আমারে বাঁচান, মাইরে ফেলল।’ ইসহাক আলী ছেলের কাছে যেতে পারল না, সে-ও হাতেনাতে ধরা পড়ে গেল।