ধরা পড়েনি হত্যাকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরে গত এক মাসে চারটি খুনের ঘটনা ঘটেছে। কিন্তু নির্বাচনের ডামাডোলে চাপা পড়ে এখনো কিনারা হয়নি এসব খুনের রহস্য। মূল হোতাদের ধরতে পারেনি পুলিশ।
পুলিশের দাবি, সন্দেহজনক কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মূল হোতাদের গ্রেপ্তার ও রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একাধিক কর্মকর্তা জানান, সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিরাপত্তার জন্য দায়িত্বে থাকায় পুলিশ মামলাগুলোর তদন্তে এগোতে পারেনি। নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের কর্মীদের মধ্যে সংঘর্ষ, হামলা ঠেকাতে মাঠে ব্যস্ত থাকতে হয়েছে তাঁদের।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার জানান, খুনসহ যেকোনো ঘটনা গুরুত্ব দিয়ে পুলিশ তদন্ত করে আসছে। খুনি ও খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে চেষ্টা চলছে।
পুলিশ ও নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল নগরের বাকলিয়া মিয়াখান নগর এলাকায় সুলতান গলির সামনে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নাছির উদ্দিন ওরফে কাউয়া নাছিরকে দিনেদুপুরে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত ব্যক্তির চাচাতো ভাই আবদুল করিম জানান, মুখোশ পরা দুই যুবক দুটি অস্ত্র দিয়ে গুলি করে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাছিরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা দায়ের করা হলে পুলিশ সন্দেহজনক হিসেবে তিন আসামিকে গ্রেপ্তার করে। কিন্তু ঘটনার মূল হোতা অস্ত্রধারী দুই যুবককে এখনো গ্রেপ্তার করতে পারেনি। উদ্ধার করতে পারেনি অস্ত্রও।
পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাকলিয়া থানার পুলিশের তালিকাভুক্ত পলাতক সন্ত্রাসী মোরশেদ খানের নির্দেশে খুনের ঘটনা ঘটেছে। নিহত নাছির একসময় মোরশেদের অনুসারী ছিলেন। এক বছর আগে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি ভালো পথে চলার চেষ্টা করেন।
এদিকে এর আগের দিন রাত নয়টায় টাইগারপাস মালিপাড়ায় সাদ্দাম হোসেন নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। পুলিশের দাবি, স্থানীয় একটি মন্দিরে লুটপাট করে পালানোর সময় জনতার পিটুনিতে নিহত হন সাদ্দাম। তবে সাদ্দামের বড় ভাই আবুল কালাম জানান, তঁার ভাই কক্সবাজার-মহেশখালী রুটে স্পিডবোট চালান। ঘটনার সপ্তাহ খানেক আগে এক বন্ধুর সঙ্গে চট্টগ্রাম আসেন। তাঁর ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। খুনিদের গ্রেপ্তারের জন্য পুলিশের কাছে ধরনা দিলেও এখনো কেউ ধরা পড়েনি।
উত্তর কাট্টলী এলাকায় নিখোঁজের এক দিন পর ১ এপ্রিল কলেজছাত্র সুমিত দত্তের লাশ উদ্ধার করা হয় বাড়ির পাশের মন্দিরের আঙিনা থেকে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি। নিহত ব্যক্তির বড় ভাই অমিত দত্ত বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়েছে। এর পরও কারা হত্যাকারী তা বের করা যায়নি।
তিনটি খুনের ঘটনা ছাড়াও ১৩ এপ্রিল টেরিবাজার এলাকায় একটি সেতুর িনচ থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। কিন্তু কিশোরীটির পরিচয়, তাকে কারা সেতুর নিচে ফেলে গেছে তা শনাক্ত করা যায়নি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করে।