ধরা পড়েনি বেশির ভাগ আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার চাঞ্চল্যকর তিন হত্যা মামলার অধিকাংশ আসামিকে পুলিশ এখনো ধরতে পারেনি। মূল আসামিদের কয়েকজন আত্মসমর্পণ এবং কেউ কেউ গ্রেপ্তার হলেও তারা জামিনে এসে বাদীপক্ষকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।পুলিশ বলছে, সব আসামিকে গ্রেপ্তারের জন্য নানাভাবে চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু বন-পাহাড়ে কিংবা নৌযানে করে সাগরে পালিয়ে থাকায় পুলিশ তাদের সহজে ধরতে পারছে না।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তার ও জমি দখল-বেদখলকে কেন্দ্র করে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজির পাড়ার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য জোনাব আলী ও মৌলভি জালাল আহমদের পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একইভাবে কালারমারছড়া ইউনিয়নের জিয়াউর রহমান, মির কাসেম, আবদুল হান্নান, মতিন ও খলিল বাহিনীর সঙ্গে বিরোধ চলে আসছিল সাবেক চেয়ারম্যান মো. ওছমানের সমর্থকদের মধ্যে। এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচিত এসব পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৭ ডিসেম্বর উপজেলার হোয়ানকে জোনাব আলীর পক্ষের লোকজনের গুলিতে মৌলভি জালালের বড় ভাই নূরুল হকের স্ত্রী কালা খাতুন মারা যান। এ নিয়ে জালাল বাদী হয়ে জোনাব আলীকে প্রধান আসামি করে ৩৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জোনাব আলীসহ ১১ জনকে গ্রেপ্তার করলেও বাকিরা ধরা পড়েননি। এদিকে গ্রেপ্তার ১১ জনের মধ্যে জোনাব আলীসহ ছয়জন উচ্চ আদালত থেকে এক মাস আগে জামিনে মুক্তি পান। গত বছরের ২৯ মার্চ রাতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কালারমারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওছমানকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় তাঁর ছেলে আইনজীবী এইচ এম আল নোমান শরীফ বাদী হয়ে কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর কাসেম চৌধুরীকে প্রধান আসামি করে ৬৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় কাসেম চৌধুরীসহ ২০ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে মির কাসেমসহ নয়জন বিভিন্ন সময় জামিনে বের হয়ে পড়েন। এইচ এম আল নোমান শরীফ অভিযোগ করেন, এলাকায় পুলিশের তৎপরতা বাড়লেও মূল হোতারা এখনো ধরা পড়েননি। তিনি বলেন, ‘আমার বাবার হত্যাকারীরা উল্টো আমাকে এবং আমার ভাই তারেককে হত্যার হুমকি দিচ্ছে। এ নিয়ে আমরা মহেশখালী থানায় তিন মাস আগেই সাধারণ ডায়েরি করেছি।’ তিনি জানান, মাঝেমধ্যে রাতে পাহাড় থেকে লোকালয়ে এসে সন্ত্রাসীরা ছিনতাই ও সড়কে ডাকাতি করছে।এদিকে গত বছরের ১১ জুন মোহাম্মদ শাহঘোনার বাসিন্দা বেলাল হোসেন কালারমারছড়া বাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে স্থানীয় মোহাম্মদ আক্তার হোসেনের মুদির দোকানের সামনে পৌঁছালে একদল সন্ত্রাসী তাঁকে অপহরণ করে। পরে তাঁকে মুজিবকিল্যায় নিয়ে হত্যা করা হয়। এ ব্যাপারে বেলালের ছোট ভাই জামাল হোসেন বাদী হয়ে ২৫ জনের বিরুদ্ধে মামলা করলে পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে নয়জন জামিনে বের হয়ে পড়েন। বাকি আসামিরা এখনো পলাতক। কালারমারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহ নেওয়াজ প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে ওছমান হত্যা মামলার অন্যতম আসামি আইয়ুব আলী ও নাজু ডাকাতসহ বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কেউ কেউ আদালত থেকে জামিন নিয়ে এসেছেন। অন্য আসামিরা গহিন অরণ্য কিংবা নৌযানে করে সাগরে পালিয়ে থাকায় পুলিশ তাঁদের সহজে ধরতে পারছে না। তবে বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে তিনি মন্তব্য করেন।