ধর্মঘটে অচল মহেশখালীর কালারমারছড়া উচ্চবিদ্যালয়
শিক্ষার্থীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া উচ্চবিদ্যালয় অচল হয়ে পড়েছে। বিদ্যালয়ে নিয়মিত পাঠদান করা, প্রধান শিক্ষকের অপসারণ এবং বহিষ্কৃত একজন শিক্ষককে পুনর্বহালসহ আট দফা দাবিতে শিক্ষার্থীরা ২ মে থেকে এ ধর্মঘটের ডাক দেয়। শিগগিরই ক্লাস শুরু না হলে বিদ্যালয়ের প্রায় ৭০০ শিক্ষার্থীর লেখাপড়ায় পিছিয়ে পড়বে এবং তা তাদের পরবর্তী পরীক্ষার ফলাফলে বিরূপ প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এর আগে ২ এপ্রিল থেকেও প্রায় এক মাস ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা। এদিকে ৫ মে দুপুরে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অভিভাবকেরা এক সমাবেশে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে শিগগিরই ক্লাস চালু করার উদ্যোগ নেওয়ার জন্য পরিচালনা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন। ওই দিন দুপুরে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শ্রেণীকক্ষগুলো বন্ধ। কয়েকজন শিক্ষার্থী হাতে বই নিয়ে বিদ্যালয়ের বারান্দায় বসে গল্প করছে। আর বিদ্যালয়ের সম্মেলন কক্ষে চলে অভিভাবক সমাবেশ। শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষক শফিউল আলমের সঙ্গে পরিচালনা কমিটির দ্বন্দ্ব চলে আসছিল। ২০১০ সালের ১০ আগস্ট প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় শফিউল আলম প্রথম হন। কিন্তু পরিচালনা কমিটি নানা অজুহাত দেখিয়ে তাঁকে নিয়োগ দেয়নি। এতে ক্ষুব্ধ হয়ে শফিউল উচ্চ আদালতের আশ্রয় নেওয়ায় গত বছর ১৩ অক্টোবর পরিচালনা কমিটি তাঁকে বিদ্যালয় থেকে বহিষ্কার করে। পরে মাঝখানে আরেকটি পরীক্ষা নিয়ে গত বছর ২০ অক্টোবর প্রধান শিক্ষক পদে নূর হোসাইনকে নিয়োগ দেয় পরিচালনা কমিটি। এরপর থেকে বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। আর এ দ্বন্দ্বের প্রভাব পড়ে শিক্ষার্থীদের ওপর।বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র রবিউল হাসান ও আশেকুল করিম জানায়, চলতি বছরের শুরু থেকে গত চার মাসে ইংরেজি প্রথম, জীববিজ্ঞান, রসায়ন, কম্পিউটার ও কৃষিশিক্ষা-বিষয়ে কোনো ক্লাস হয়নি। আগামী বছর এসএসসিতে ইংরেজি প্রথম বিষয়ে ভালো ফলাফল করা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে ২০১৩ সালের এসএসসি পরীক্ষার্থীরা। তাই তারা প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানায়। দশম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী ইনামা জাহান জানায়, নিয়মিত পাঠদান ও প্রধান শিক্ষকের অপসারণসহ আট দফা দাবিতে গত মাসের শুরুতেই সব শ্রেণীর শিক্ষার্থীরা ধর্মঘটের ডাক দেয়। পরে পরিচালনা কমিটির লোকজন তাদের দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ধর্মঘট প্রত্যাহার করে নেয়। কিন্তু দাবিগুলো এক মাসেও বাস্তবায়ন না হওয়ায় তারা গত বুধবার থেকে আবার ধর্মঘট শুরু করে। সহকারী শিক্ষক শফিউল আলম বলেন, ‘প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে আমি উত্তীর্ণ হলেও পরিচালনা কমিটি অন্যায়ভাবে আমাকে নিয়োগ দেয়নি। এখন বিদ্যালয়ে লেখাপড়া একেবারেই হচ্ছে না।’ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য নুরুল আলম বলেন, অদক্ষ প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার কারণে বিদ্যালয়টি আজ ধ্বংসের পথে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসাইন বলেন, এক শিক্ষক বহিষ্কার ও আরেক শিক্ষকের অসুস্থতার কারণে বিদ্যালয়ে লেখাপড়া ব্যাহত হয়েছে। শিক্ষার্থীদের ধর্মঘটের বিষয়ে তিনি বলেন, কয়েকজন শিক্ষক বিভিন্ন অজুহাতে ক্লাসে না যাওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে। পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে সমস্যা নিরসনের চেষ্টা চলছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শরিফ মাতব্বর বলেন, ‘শুনেছি নানা দাবি দাওয়া নিয়ে শিক্ষার্থীরা ধর্মঘটের ডাক দিয়েছে। কিন্তু এ নিয়ে কেউ লিখিত দাবি পেশ করেনি। তবে সৃষ্ট জটিলতা নিরসনের চেষ্টা চলছে।’