ধর্মভিত্তিক রাজনীতিতে অনীহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির পতনের পর প্রথম নির্বাচনে ন্যাশনাল ফোর্সেস অ্যালায়েন্স (এনএফএ) বিরাট জয় পেয়েছে। সাবেক অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিলের নেতৃত্বাধীন জোট এনএফএ প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামপন্থীদের চেয়ে দ্বিগুণেরও বেশি ভোট পেয়েছে। ইসলামপন্থীদের বিরুদ্ধে জয় পেলেও এনএফএ জোট নিজেরা ঠিক কোন ঘরানার তা বিচার করাটা কঠিন মনে হচ্ছে পর্যবেক্ষকদের কাছে। এনএফএর নির্বাচিত এমপিরা ‘ধর্মনিরপেক্ষ উদারপন্থী’, না ‘উদারপন্থী আধুনিক’ সে বিষয়ে অনেকে নিশ্চিত নন। বাস্তবতা হচ্ছে, জোটের বেশির ভাগ এমপিই সাধারণ লিবীয়দের কাছে অচেনা। কেবল জোটপ্রধান মাহমুদ জিবরিল ছিলেন নির্বাচনের আগে থেকে সবার চেনা মুখ।রাজনীতির প্রসঙ্গে লিবীয়রা এনএফএ জোটকে নিশ্চিতভাবেই ‘উদারপন্থী’ মনে করে। তবে ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি কেউ ব্যবহার করছে না। কেননা মাহমুদ জিবরিল নিজেই এর মধ্যে ঘোষণা দিয়েছেন, আইনকানুন প্রণয়নের ক্ষেত্রে তাঁরা শরিয়ার দ্বারস্থ হবেন। তাহলে কি বুঝতে হবে উত্তর আফ্রিকার রক্ষণশীল এই দেশের মানুষ প্রতিবেশী তিউনিশিয়া ও মিসরের চেয়ে কম ধার্মিক? তিউনিশিয়া ও মিসরে তো বিপ্লব-পরবর্তী প্রথম নির্বাচনে ইসলামপন্থীরাই ভালো করেছে।পর্যবেক্ষকেরা বলছেন, ব্যাপারটা মোটেই তা নয়। লিবীয়রা ধার্মিক ঠিকই। কিন্তু রাজনৈতিক নেতাদের মুখ থেকে তারা ধর্মকথা শুনতে চায় না। তারা চায় দেশের বড় সমস্যাগুলোর আশু গ্রহণযোগ্য সমাধান। রেডিও কর্মী তরুণী হিবা যেমন বললেন, একজন ভালো মুসলিম হতে লিবীয়দের রাজনীতিকদের কাছ থেকে শেখার কিছু নেই। তাঁরা চান, পার্লামেন্টে দেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা ও এর সমাধান। রেডিও উপস্থাপক হিবা বলেন, ‘এমন নয় যে আমরা নাইট ক্লাব বা এ রকম কিছু চাচ্ছি। কিন্তু নজর দেওয়ার ক্ষেত্রে শিক্ষা ও চিকিৎসার মতো বহু গুরুত্বপূর্ণ দিক রয়েছে।’ প্রায় সব লিবীয়র মতামতই হিবার মতো। অনেকে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের অস্তিত্বের কথা শুনতেও রাজি নন। তাঁদের কথা, ‘এখানে আমরা সবাই মুসলিম। আমাদের ধর্মোপদেশের দরকার নেই। তাঁরা নিশ্চয়ই আমাদের চেয়ে বড় ধার্মিক নন।’ বিশেষ করে নগরগুলোতে শোনা যাবে এ ধরনের কথা।আসলে আদর্শের বুলি শুনে শুনে লিবীয়রা ক্লান্ত। গত প্রায় ৪০টি বছর তারা গাদ্দাফির নিজস্ব ধরনের হেঁয়ালিপূর্ণ কিছুটা ইসলামি ও কিছুটা সমাজতন্ত্রী ধাঁচের আদর্শে চালিত হয়েছে। অন্য অনেকের মতো লিবিয়ার মানুষও মনে করে মুসলিম ব্রাদারহুডের মতো ধর্মভিত্তিক দলগুলো সুযোগ পেয়ে তিউনিশিয়া ও মিসরের বিপ্লবের চেতনা ছিনিয়ে নিয়েছে।২০০ আসনের জাতীয় পরিষদে মধ্যপন্থী এনএফএ সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠা করতে পারবে কি না তা এখনো স্পষ্ট নয়। কেননা পার্লামেন্টের ১২০টি আসন স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত। সরকার গঠনের সময় এই স্বতন্ত্ররা কোন দলের প্রতি তাঁদের আনুগত্য প্রদর্শন করবেন তা এখনো অজানা। তবে নির্বাচনে দ্বিতীয় স্থানে থাকা মুসলিম ব্রাদারহুড-সমর্থিত দল জাস্টিস অ্যান্ড কনস্ট্রাকশন পার্টির (জেসিপি) প্রধান মোহাম্মদ সায়ান দাবি করেছেন, স্বতন্ত্রদের বেশির ভাগই তাঁর দলের পক্ষে। নির্বাচনে এনএফএ জোটের ৩৯ আসনের বিপরীতে জেসিপি পেয়েছে মাত্র ১৭টি আসন।লিবিয়ায় শেষপর্যন্ত হয়তো একটি মহাজোট সরকারই গঠিত হতে যাচ্ছে। এতে নির্বাচনে সবচেয়ে খারাপ ফল করা নেশন পার্টির স্থান হতেও পারে, নাও পারে। একসময় আল-কায়েদার সঙ্গে যুক্ত আবদেলহাকিম বেলহাজের নেতৃত্বাধীন এই দলটি একটি আসনও জিততে পারেনি। যারাই সরকারে আসুক, নাগরিকের নিরাপত্তার বিষয়টি তাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে। বহু ছোট ছোট মিলিশিয়া এখনো তাদের অস্ত্র জমা দেয়নি। তাই ক্ষমতা গ্রহণের পর নিরাপত্তার স্বার্থে সবাইকে নিরস্ত্র করাটাই হবে পরবর্তী সরকারের প্রধান দায়িত্ব। নিরাপত্তার পাশাপাশি অন্য যেসব সমস্যা আছে, তার সমাধানের চাবি অর্থনীতি। বেসরকারি খাতকে সাহায্য করার মতো দেশটিতে পর্যাপ্ত পরিমাণ তেলসম্পদ রয়েছে, এই যা ভরসা। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বেসরকারি খাতের উন্নয়ন এখন খুব জরুরি। লিবিয়ার মানুষ এখন তাদের নতুন পাওয়া স্বাধীনতার পরবর্তী পর্যায়ের অপেক্ষায় আছে। এ পর্বে রয়েছে নতুন সংবিধান প্রণয়নের মতো বড় কাজটি। এটির দায়িত্ব নবনির্বাচিত জাতীয় পরিষদের। দেশের সবার আশা, এই সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে শুরু হবে গণতন্ত্রের পথে লিবিয়ার অভিযাত্রা।  মনিরুল ইসলাম