
নগরের বুকেই সাগর, আদতে িদঘি—কুমিল্লার ধর্মসাগর। বিকেলে বেড়াতে আসা মানুষের ভিড় জমে এখানে। দল বেঁধে নৌকা নিয়ে ঘুরে বেড়ানো, গিটারে সুর তুলে গান, বাদাম চিেবাতে চিেবাতে আড্ডায় মশগুল অনেকেই। এত কিছুর মাঝখানে ঠিকই নজরে পড়ে িদঘির পাড়ের উত্তর কোনায় এক প্রবীণকে ঘিরে জটলা। নাম মো. আলী আশরাফ। তবে সবার ডাক ‘শুটার দাদু’র কাছে হারিয়ে গেছে মূল নাম। হাতে এয়ারগান, ১০ হাত দূরে রাখা সারি সারি ছোট ছোট রঙিন বেলুন। দাদু শিখিয়ে দিচ্ছেন কীভাবে তাক করতে হয় নিশানা বরাবর। নিখুঁত নিশানায় বেরিয়ে যাওয়া গুলিতে ফুটে যায় বেলুন। বিনিময়ে শুটার পায় বাহবা-হাততালি আর দাদুর পকেটে আসে কিছু টাকা। ছয়-আটটি গুলি করা যায় ১০ টাকায়। কার হাত কত পাকা—এই পরীক্ষা দিতে অনেকেই এসে ভিড় করে দাদুর পাশে।
দাদু, কবে থেকে এর শুরু? এইটুকু জিজ্ঞেস করতেই শুটার দাদু চলে গেলেন সেই পাকিস্তান আমলে! ‘লেখাপড়া নাই, তেমন কোনো কাজকামও শিখি নাই। তাই মুক্তিযুদ্ধের ১১ বছর আগে থেকে এই শুটিংই আমার সম্বল।’
তখন ১৯৬০ সাল। থাকতেন রাজধানী ঢাকার নাখালপাড়ায়। ফার্মগেট থেকে যাত্রাবাড়ী, মিরপুর, নিউমার্কেট, বলাকা সিনেমা হলের সামনে ও চিড়িয়াখানায় বসতেন বেলুন আর এয়ারগান নিয়ে। একসময় দৈনিক ১ টাকা ৪ আনা মজুরিতে চাকরি নেন একটি বিস্কুট কোম্পানিতে। তখনো শুটিং ছাড়েননি। সাপ্তাহিক ছুটির দিন বেরিয়ে পড়তেন।
১৯৭১ সালের মার্চে অন্য বাঙালি কর্মীর মতো তিনিও চাকরি হারালেন। কিছুদিন পর কোম্পানির একজন বিহারি পরিচালক তাঁকে ডেকে পাঠালেন। তিনি প্রস্তাব দিলেন, তাঁর পরিবারে গৃহকর্মীর কাজ দেবেন, তবে চলে যেতে হবে পাকিস্তানে। কিন্তু তিনি গেলেন না।
তত দিনে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। তিনিও জড়িয়ে পড়েন দেশের জন্য যুদ্ধে। কাজ করেন মুক্তিযোদ্ধাদের তথ্য সরবরাহকারী হিসেবে। পাকিস্তানি হানাদার বাহিনীর গতিবিধির খবর পৌঁছে দিতেন মুক্তিযোদ্ধাদের কাছে। ভালো উর্দু বলতে পারতেন বলে কাজটা তাঁর জন্য আরও সহজ হয়। অলিগলিতে মুক্তিযোদ্ধাদের তৈরি ‘পাকিস্তানবিরোধী’ ও ‘মুক্তিযোদ্ধাদের উদ্দীপনা জোগায়’ এমন স্লোগানসংবলিত পোস্টার লাগাতেন। দাদু বলেন, ‘গেরিলা যুদ্ধের সময় একটি নির্দিষ্ট জায়গায় থাকা যেত না, এ-বাড়ি ও-বাড়ি হয়ে চলতে হতো, খাবারের তীব্র সংকট। এমনও হয়েছে, গাছের পাতা চিবিয়ে পানির তৃষ্ণা মিটিয়েছি।’
দেশ স্বাধীন হলো। আলী আশরাফও ফিরে যান নিজের পুরোনো পেশায়। ঢাকার পাট চুকিয়ে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, খুলনা ও চট্টগ্রাম হয়ে আজ ২৫ বছর হয় দাদু কুমিল্লায় থিতু হয়েছেন। স্ত্রী, চার ছেলে আর এক মেয়েকে নিয়ে থাকেন কুমিল্লার টিক্কার চরে। কর্মস্থল ওই ধর্মসাগর পাড়। দৈনিক ২৫০ থেকে ৫০০ টাকা তাঁর আয়। তা দিয়েই চলে দাদুর নিত্যদিনের সংসার।