ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কিছুই নেই শিক্ষানীতিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সরকার প্রণীত শিক্ষানীতির মধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কোনো শব্দ নেই। শিক্ষানীতি না পড়ে একটি মহল বিরোধিতা করছে।’ প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনীতিবিষয়ক উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদ এ অভিযোগ করেন।২৩ ডিসেম্বর সীতাকুণ্ড লতিফপুর আলহাজ আবদুল জলিল উচ্চবিদ্যালয়ের রজতজয়ন্তী ও প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। দেশের প্রতিটি উপজেলায় সরকার মডেল স্কুল ও টেকনিক্যাল কলেজ স্থাপন করবে। শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। ইন্টারনেট সুবিধার আওতায় আনা হবে দেশের সব স্কুল-কলেজকে। সাক্ষরতার হার শতভাগে উন্নীত করার কাজ চলছে।’ কিন্তু একটি মৌলবাদী চক্র সরকারের এই শিক্ষা সংস্কারে বাধা সৃষ্টি করছে বলে তিনি অভিযোগ করেন।আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এ বি এম আবুল কাসেম। বক্তব্য দেন জেলা প্রশাসক ফয়েজ আহমদ, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নুরুল হুদা, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুর রউফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ফসিউল আলম, ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ কবির। শুভেচ্ছা বক্তব্য দেন রজতজয়ন্তী উদ্যাপন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল আবছার। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই আবদুল জলিল উচ্চবিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের বর্ণাঢ্য শোভাযাত্রা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।