গুজবে কান দেবেন না, কেউ ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করলে প্রতিরোধ করুন। এলাকায় সন্দেহজনকভাবে কাউকে ঘোরাফেরা করতে দেখলে পুলিশে খবর দেবেন।
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন কমিউনিটি পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশে জনগণের উদ্দেশে এসব কথা বলেন বক্তারা। ১৯ নভেম্বর জারুলবনিয়া স্টেশন চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি রিদুয়ান নাজেরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুর রশিদ খান। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়া, শিলখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল হোছাইন, শিলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুর রহমান, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের নেতা বশির আলম, সমাজসেবক নিঘাত আমিন, কমিউনিটি পুলিশের সম্পাদক জয়নাল আবেদিন, সাংবাদিক ছগির আহমদ আজগরী ও আওয়ামী লীগের নেতা মোজাম্মেল হক।
সভায় বক্তারা বলেন, শিলখালী ইউনিয়নের বেশির ভাগ এলাকা পাহাড়বেষ্টিত। সম্প্রতি পাহাড়ি এলাকায় অপরিচিত মানুষের আনাগোনা বেড়েছে। কয়েকটি অপরাধ কর্মকাণ্ডে এসব অপরিচিত মানুষের সম্পৃক্ততাও দেখা গেছে। এ ছাড়া পাহাড়ি জায়গা দখল-বেদখল নিয়ে কিছুটা অস্থিরতাও বিরাজ করছে। এ অস্থিরতা সংঘর্ষেও রূপ নিচ্ছে।
ইউএনও মো. মারুফুর রশিদ খান বলেন, ‘এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগণকে সচেতন হতে হবে। বুঝে শুনে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে। অনেক চক্র আছে, যারা গ্রামের সহজ–সরল মানুষকে বিভ্রান্ত করে উসকানি দেয়।’