ধর্ষণ থামান, ধর্ষকের ঔদ্ধত্য থামান
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের একজন সাংবাদিকের ফেসবুক স্ট্যাটাসের সূত্র ধরে কথা হয় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আফরোজা ফারহানা আহমেদের সঙ্গে। তিনি দুই বছর ধরে ঢাকায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৭–এ পিপি হিসেবে নিয়োজিত। গত ৫ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় হওয়া মামলায় ক্যামেরা ট্রায়াল (রুদ্ধদ্বার এজলাসে বিচার) চলছে ওই আদালতে। ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মজনু বিচার চলার সময় বিচারক, পিপি এবং সাক্ষীদের ওপর মারমুখী ও বেপোরায়া আচরণ করেন। সে অভিজ্ঞতার কথা বলেন আফরোজা ফারহানা, ‘মজনু বিকৃত রুচির। সাক্ষ্য দিতে আসা ওই শিক্ষার্থীর বান্ধবী, এক নারী ও আমার সঙ্গে সে যা–তা ভাষায় কথা বলেছে। আদালতে মজনু এমনও বলেছে, “আমি যেহেতু ধর্ষণ করছি, সেহেতু আমার সঙ্গে ওর বিয়ে দিয়ে দেন।”’
আদালতে সেদিন উপস্থিত ছিলেন একাত্তর টিভির সাংবাদিক নাদিয়া শারমিন। পিপির কাছ থেকে শোনা ঘটনা ফেসবুকে উল্লেখ করে লিখেছিলেন, ‘ধর্ষণের শিকার নারীদের আমাদের সমাজ হেয় করে এমন অবস্থায় এনেছে যে ধর্ষক নিজকে ভিকটিমের চেয়ে শক্তিশালী অবস্থানে ভাবতে শেখে! সে জন্য সিঁধেল চোর, রাস্তার ভিক্ষুকেরও মাথায় ঢুকে যায় কোনো মেয়ে যত উচ্চ অবস্থানেই থাকুক, তাঁকে ধর্ষণ করা যায় এবং ধর্ষণের পর ওই মেয়েকে বিয়ে করলে মেয়েটি ধন্য হয়ে যাবে।’
শুধু মজনু নয়, ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের মামলাগুলোয় অপরাধীর এমন বেপরোয়া, ঔদ্ধত্য আচরণের উদাহরণ আরও আছে বলে জানালেন আফরোজা ফারহানা। গত ২৫ সেপ্টেম্বর সিলেটের টিলাগড়ে স্বামীর সঙ্গে বেড়াতে যাওয়া তরুণীকে তুলে নিয়ে মুরারিচাঁদ (এমসি) কলেজের ছাত্রবাসে ধর্ষণের পর ছাত্রলীগের কয়েকজন কর্মী কেমন ঔদ্ধত্য আচরণ করেছিল, তা গণমাধ্যমে উঠে এসেছে।
ধর্ষণকেও তারা অধিকার ভাবে
নির্যাতক পুরুষের মানসিক অবস্থা নিয়ে ২০১৬ সালে দেশে ‘বাংলাদেশে পুরুষের দমনমূলক নিয়ন্ত্রণ, সঙ্গীর প্রতি সহিংসতা ঘটানো এবং জীবনের সন্তষ্টি’ শিরোনামের একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। এ গবেষণার একজন গবেষক ছিলেন আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী রুচিরা তাবাসসুম নভেদ। তিনি বলেন, ‘নির্যাতনের মূল কারণ হচ্ছে সমাজে নারী–পুরুষের সমতা নেই। পুরুষ নিজেকে ক্ষমতাধর মনে করে এবং নারীকে অধস্তন ভাবার মনোভাব থেকে তারা নির্যাতন করে। নির্যাতকদের মানসিক অবস্থা বিশ্লেষণ করে দেখা গেছে, ধর্ষণের মতো নির্যাতনকেও তারা অধিকার বলে মনে করে।
গ্রেপ্তার হয়েছে, তা–ও ভরসা পাই না
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসার ছাড়পত্র পাওয়ার জন্য ছোট ভাইয়ের সঙ্গে অপেক্ষা করছিলেন এক নারী (২৬)। প্রথম আলোকে বললেন, তাঁর তিন ও দেড় বছর বয়সী দুই ছেলেমেয়ে আছে। স্বামী মানসিকভাবে ততটা সুস্থ নয়, আর শাশুড়ি চার মাস আগে মারা গেছেন। এই সুযোগে আপন শ্বশুর তাঁকে ধর্ষণ করেছেন। জানালেন, মিরপুরে তাঁর শ্বশুরের ছয়তলা বাড়ি আছে। স্বামী কিছু করেন না। তাই শ্বশুরের টাকায় তাঁদের চলতে হয়। ওই নারী বললেন, ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেপ্তার হয়েছেন। কিন্তু ভয় লাগে টাকা খরচ করে বের হয়ে আসেন কি না। অর্থাৎ ঘরেও নারী নিরাপদ নয়।
বেড়েছে ধর্ষণের সংখ্যা
দেশের মেডিকেল কলেজ ও হাসপাতাল। জেলা এবং উপজেলা পর্যায়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় পরিচালিত ওসিসির মোট ৭৮টি কেন্দ্র ও সেলে শারীরিক, যৌন সহিংসতা (ধর্ষণ, ধর্ষণের চেষ্টা) ও অ্যাসিড–সন্ত্রাস—এই তিন ধরনের সহিংসতার শিকার নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা, পুলিশি সহায়তা, ডিএনএ পরীক্ষা, আইনি সহায়তা ও পরামর্শসেবা দেওয়া হয়। ওসিসির তথ্য হলো, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত মোট ২ হাজার ৪৮৭ জন সেবা নিয়েছেন। এর মধ্যে যৌন সহিংসতার শিকার হয়েছেন ১ হাজার ৩৭০ জন। এই সময়ে মোট মামলা হয়েছে, ১ হাজার ১৯টি। এর মধ্যে যৌন সহিংসতার মামলাই ৯৩৪টি। ৪০টি মামলার নিষ্পত্তি হয়েছে। শিশুর প্রতি যৌন সহিংসতার দুটি ঘটনায় সাজা দেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজের ওসিসির সমন্বয়ক বিলকিস বেগম বলেন, ‘ধর্ষণের ঘটনা অনেক বেড়ে গেছে। মুঠোফোনে পর্নোগ্রাফি দেখে নানা বয়সের পুরুষের মধ্যে ধর্ষণের প্রবৃত্তি তৈরি হচ্ছে। পরিবারের ভেতর আপনজনের মাধ্যমে ধর্ষণের ঘটনাও অনেক বেশি ঘটছে।’
নয়টি জাতীয় দৈনিক ও কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য তুলে ধরে বেসরকারি সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) জানিয়েছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে দেশে ৯৭৫টি নারী ও শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪৩ জনকে হত্যা করা হয়েছে এবং ১২ জন আত্মহত্যা করেছে। বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, নারীর প্রতি সহিংসতা একটা মহামারির পর্যায়ে চলে গেছে। ঘটনাগুলোর কারণ অনুসন্ধান ও প্রতিটি ঘটনায় বিচার নিশ্চিত করা না গেলে এসব ঘটনা থামবে না।
থামাতে হবে আগেই
বহুমাত্রায় ঘটা অপরাধের ঘটনায় বহু পুরোনো একটি প্রশ্ন নতুন করে মনে আবার উঁকি দেয়, অপরাধীর মন আসলে কী দিয়ে গড়া? তারা কি জন্মসূত্রেই অপরাধী? নাকি চারপাশ থেকে নৈতিক শিক্ষা নিতে না পারার অক্ষমতা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান (ক্রিমিনোলজি) বিভাগের অধ্যাপক জিয়া রহমানের ভাষায়, অপরাধের ঘটনা দেখে অভ্যস্ত হয়ে পড়ার প্রবণতাটা ভয়াবহ। রাষ্ট্র–সমাজ–পরিবারের দায়িত্ব রয়েছে একজন কিশোর বা তরুণকে নৈতিক শিক্ষা দিয়ে বড় করা।
এমনই মত দিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের শিশু–কিশোর ও পারিবারিক মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, পরিবারে নৈতিকতার চর্চাকে উৎসাহিত করা না হলে, সেসব পরিবারে বড় হওয়া মানুষের পাশবিক প্রবৃত্তি দেখা দেয়। গণমাধ্যমে ধর্ষণসহ নির্যাতনের ঘটনা প্রকাশের পাশাপাশি আইনি শাস্তির বিষয়গুলো সমানভাবে প্রকাশ হওয়া উচিত। যাতে অপরাধী নিজেকে আইনের ঊর্ধ্বে বা ক্ষমতাধর ভাবার সুযোগ না পায়। তাঁর মতে, গণমাধ্যমে শব্দ চয়নেও সতর্ক হতে হবে। একজন নারীকে ‘ধর্ষণের শিকার’ না বলে ‘ধর্ষণের মুখোমুখি’ বলা উচিত।
সহিংসতার প্রবণতা রয়েছে, চারপাশের এমন ব্যক্তিদের নিবৃত্ত করতে প্রত্যেকের এখন এগিয়ে আসার সময় হয়েছে। দ্য অ্যানাটমি অব ভায়োলেন্স বইয়ের লেখক ব্রিটিশ মনোবিজ্ঞানী অ্যাড্রিয়ান রেইনের ভাষায় বলতে হয়, আমরা যদি বুঝতে পারি, মস্তিষ্কের কিছু বৈশিষ্ট্য কাউকে সহিংসতার দিকে নিয়ে যাচ্ছে, তাহলে আমরা এ ব্যাপারে কী করতে পারি? হস্তক্ষেপ করুন। যত তাড়াতাড়ি করবেন, তত ভালো।