ধর্ষণচেষ্টা রুখে দেওয়ার ঘটনা অন্যদেরও সাহসী করে তুলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপাতদৃষ্টিতে সামান্য মনে হলেও ঘটনাটি আসলে অসামান্য হয়ে উঠেছে এক নারীর সাহসিকতা ও বীরত্বপূর্ণ প্রতিরোধের কারণে। দিন কয়েক আগে চট্টগ্রামের একজন পোশাকশ্রমিক রাত ১১টায় কারখানা ছুটি হওয়ার পর তাঁর এক সহকর্মীকে সঙ্গে নিয়ে রেললাইনের পাশে বাসা দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে এলাকার এক বখাটে মুরাদ সঙ্গী-সাথি নিয়ে তাঁদের পথরোধ করে। তারা মেয়েটির সঙ্গীকে মারধর করে সরিয়ে নিয়ে যায় আর বখাটে মুরাদ মেয়েটিকে টেনেহিঁচড়ে নিয়ে যায় রেললাইনের পাশে পাহাড়ে।

সেখানে একপর্যায়ে মেয়েটিকে মাটিতে ফেলে দেয় মুরাদ।

দৃশ্যটি কল্পনা করলেও শিউরে উঠতে হয়। অন্ধকার রাতে নির্জন স্থানে এক উন্মত্ত পুরুষের বিকৃত লালসার সামনে এক ১৯ বছর বয়সী তরুণীর পক্ষে তখন কী করা সম্ভব? এ রকম ভয়ানক সময়ে বেশির ভাগ ক্ষেত্রেই ভয়ে আতঙ্কে অস্থির ও দিশেহারা হয়ে পড়াই স্বাভাবিক। কিন্তু এই তরুণী সাহস হারাননি। আত্মরক্ষার চেষ্টায় পা দিয়ে আক্রমণকারীর মুখে সজোরে আঘাত করেন। এতে মুরাদ পড়ে গেলে মেয়েটি দৌড়ে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়েন।

ধর্ষণচেষ্টাকারী বখাটেকে সাহসের সঙ্গে মোকাবিলা করে চট্টগ্রামের পোশাককর্মী তরুণী সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁকে আন্তরিক অভিনন্দন। তাঁর এই নির্ভীক আচরণ নিশ্চয়ই অন্যদেরও সাহসী হতে উৎসাহিত করবে।

এদিকে মেয়েটির সঙ্গে থাকা সেই সহকর্মীকে আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায় মুরাদের সহযোগীরা। এই সময় রাস্তার টহল পুলিশকে ঘটনাটি জানায় আহত সহকর্মী।

এবার দায়িত্বশীল ভূমিকা পালন করে পুলিশ। ওসির নেতৃত্বে টহল পুলিশের দল পাহাড়টি ঘিরে ফেলে। রাত আড়াইটায় মেয়েটি বেরিয়ে আসেন লুকানো জায়গা থেকে। আর ভোর চারটায় ধর্ষণচেষ্টাকারী বখাটে মুরাদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

ঘটনাটি নিঃসন্দেহে ব্যতিক্রমী এবং অসম সাহসিকতার।

আমাদের পুরুষতান্ত্রিক সমাজে সব সময়ই শেখানো হয় নারী দুর্বল, নরম, শান্ত, অবলা, পুরুষের ভোগ্যবস্তু। অন্যায় প্রতিরোধের শক্তি তার নেই। ফলে খুব সহজেই নারীকে নির্যাতন করা যায়, ধর্ষণ করা যায়। চট্টগ্রামের ঘটনাটি সেই প্রচলিত ধারণার মূলে কুঠারাঘাত করেছে। এখানে আক্রমণের শিকার নারী নিজেই তাঁর আক্রমণকারীকে আঘাত করে প্রতিরোধ গড়ে তুলেছেন। নিজেই নিজের সুরক্ষার ব্যবস্থা করেছেন। আমরা জানি, এ ধরনের ঘটনার মধ্যে পড়লে মাথা ঠান্ডা রেখে মনোবল না হারিয়ে আত্মরক্ষা করতে পারাটা খুবই কঠিন। কিন্তু যখন হরহামেশাই এ রকম পরিস্থিতি তৈরি হতে থাকে, তখন সামাজিক সচেতনতা বাড়ানো ও আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি নিজেকে রক্ষা করার কৌশল জানা থাকলে প্রতিরোধ গড়ে তোলা সহজ হয়।

যে কারণে আজকাল ধর্ষণ বা যৌন হয়রানির মতো ঘটনায় অপরাধীদের মোকাবিলা করতে নারীদের আত্মরক্ষার কৌশল আয়ত্ত করার প্রতি জোর দিচ্ছেন অনেকে। যাতে বিপদে পড়লে শারীরিক কসরত প্রয়োগ করে অপরাধীকে ঘায়েল করা যায় বা তাৎক্ষণিকভাবে বেঁচে আসা যায়। এখন বিভিন্ন জায়গায় ছেলেমেয়েদের তায়কোয়ান্দো, জুডো, কারাতের কৌশল শেখানো হয়; যা রপ্ত করলে ছেলেমেয়েদের মনোবল বাড়ে এবং তাদের আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। পাশাপাশি তারা যেকোনো খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার মানসিক শক্তি ও শারীরিক সক্ষমতাও অর্জন করে।

এ ছাড়া আত্মরক্ষার কিছু সাধারণ কৌশল রয়েছে। যেমন এ রকম পরিস্থিতিতে নীরব না থেকে সর্বশক্তিতে গলা চড়িয়ে চিৎকার করে সাহায্য চাওয়া। এ রকম উচ্চকণ্ঠ চিৎকার অনেক সময় ঘাবড়ে দিতে পারে দুর্বৃত্তকে, সে পালিয়ে যেতে পারে। অনেকে স্প্রে বা মরিচের গুঁড়া জাতীয় কিছু সঙ্গে রাখার পরামর্শ দেন, যাতে বিপদের সময় তা আক্রমণকারীর চোখে মুখে ছিটিয়ে দিয়ে তাকে প্রতিহত করা যায়। বিদেশে অনেকেই সঙ্গে বাঁশি বা হুইসেল রাখেন, যাতে এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হলে জোরে হুইসেল বাজিয়ে আশপাশের মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়।

যেকোনো অন্যায়কে প্রাথমিকভাবে প্রতিরোধ করার জন্য তীব্রভাবে চেষ্টা করতে হবে। এরপরও যদি কোনো অন্যায় ঘটে, তবে তার প্রতিকার, প্রতিবাদ এবং অবশ্যই ন্যায়বিচার পাওয়া নিশ্চিত করতে হবে।

ধর্ষণচেষ্টাকারী বখাটেকে সাহসের সঙ্গে মোকাবিলা করে চট্টগ্রামের পোশাককর্মী তরুণী সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁকে আন্তরিক অভিনন্দন। তাঁর এই নির্ভীক আচরণ নিশ্চয়ই অন্যদেরও সাহসী হতে উৎসাহিত করবে।