ধলইয়ে এক সন্ধ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদদের স্মরণে স্মৃতিসৌধ
শহীদদের স্মরণে স্মৃতিসৌধ

সূর্য ডুবছে পশ্চিমে। চা-বাগানের ওপর দিয়ে, ছায়াবৃক্ষের ফাঁক দিয়ে সূর্যের গোলগাল লাল শরীর থালার মতো ভাসছে। আর কিছু সময় রং ছড়িয়ে টুপ করে কোথাও তলিয়ে যাবে। আমাদের গাড়িও এগিয়ে চলছে। সহযাত্রী লোকগবেষক মাহফুজুর রহমান, প্রাবন্ধিক-গবেষক আহমদ সিরাজ এবং ছড়াকার শাহাদত বখত। নানা প্রসঙ্গে কথা চলছে। দেশ-প্রকৃতি, শিল্প-সংস্কৃতি, সমকালীন কত কথাই।  কিন্তু চোখ সেই সামনের দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্তের কাছে। আমরা সেখানেই যাব।

দুপাশে চা-বাগান রেখে যে রাস্তাটি পাত্রখোলা চা-বাগান থেকে আঁকাবাঁকা হয়ে দক্ষিণে গেছে, তার শেষেই সীমান্তরেখা। কাঁটাতারে থমকে দাঁড়ানোর সংকেত। ওপারে ভারত। ত্রিপুরা রাজ্য। যদিও সীমান্তের এপার-ওপারজুড়ে একই ভাষা। তবু দূরত্ব অপার। একসময় আমাদের গাড়িটি গিয়ে যেখানে থামল, সেখানে মুক্তিযুদ্ধের গৌরব ইতিহাসের একটি অংশ আত্মদানের মহিমায় উজ্জ্বল। স্থাপত্যকলার নয়নশোভন উপস্থিতি। দেশমাতৃকার মুক্তির পথে জীবনদানের গল্প আঁকড়ে আছে একটি স্মৃতিসৌধ। ওটা বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের স্মৃতিসৌধ। ১৯৭১ সালের ২৮ অক্টোবর ধলই সীমান্তচৌকির (বিওপি) যুদ্ধে শত্রুর গুলিতে হামিদুর রহমান শহীদ হয়েছিলেন। ধলই বিওপি থেকে ৩০ কিলোমিটার ভারতের অভ্যন্তরে ত্রিপুরার আমবাসায় সহযোদ্ধারা তাঁকে সমাহিত করেছিলেন।

পরবর্তী সময়ে ২০০৭ সালের ১০ ডিসেম্বর হামিদুর রহমানের দেহাবশেষ ভারত থেকে এনে সেই বছরই (২০০৭) ১১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে।

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাঁকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ প্রদান করা হয়। স্মৃতিসৌধের একদিকে বিজিবি ক্যাম্প, অন্যদিকে চা-বাগান। দক্ষিণে ভারত সীমান্ত। কত কাছে, তবু দূরের দেশ। অনেকক্ষণ ধরে সেই স্মৃতিসৌধ, স্মৃতিসৌধের আশপাশ ঘুরে বেলা কাটল।

সূর্য তখন জানিয়ে দিল, বেলা বেশি নেই। ওখান থেকে পাততাড়ি গোটাতে হবে। আঁধার নামছে সীমান্তের গ্রামে, চা-বাগানে। এবার ফিরতে হবে।