ধলঘাট যেন তীর্থস্থান
পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে এখন দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন বেড়াতে আসেন। এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত হলেও পর্যটনকেন্দ্র নয়। তবু দেশ-বিদেশের বহুলোক অগ্নিযুগের বিপ্লবীদের স্মৃতিধন্য এই স্থানটি দেখতে আসেন। পাশাপাশি ব্রিটিশবিরোধী আন্দোলনে ভারতের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মস্থানও এই ধলঘাট। একযুগেরও বেশি সময় আগে প্রীতিলতা স্মরণে ধলঘাটে স্থাপিত হয়েছে প্রাথমিক বিদ্যালয়। ২০০৫ সালে এই বিদ্যালয়ের সামনে স্থাপিত হয়েছে প্রীতিলতার আবক্ষ মূর্তি।প্রতিবছর এই আবক্ষ মূর্তির সামনের চত্বরে প্রীতিলতার জন্ম ও আত্মাহুতি দিবস পালিত হয়। এলাকার বহু মানুষ নাম জানলেও প্রীতিলতার অবদান সম্পর্কে জানতেন না। প্রীতিলতার কারণে ধলঘাট ধীরে ধীরে দেশপ্রেমিক মানুষজনের তীর্থস্থানে পরিণত হচ্ছে, এটা নিয়ে এখন এলাকার সবাই গর্বিত।প্রায় ১০ ফুট বেদির ওপর নির্মিত প্রমাণ সাইজ এই ভাস্কর্য তৈরি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক প্রণব মিত্র চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘ইতালীয় ক্যারাজোরীতিতে প্রীতিলতার আবক্ষ ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। এতে মার্বেল পাথর, সাদা সিমেন্টসহ নানা উপকরণ ব্যবহার করা হয়েছে।’ প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে এক লাখ ২০ হাজার টাকা ব্যয়ে এই ভাস্কর্য নির্মিত হয়। ভাস্কর্য নির্মাণের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান পাওয়া গেছে। প্রীতিলতা ট্রাস্টের অন্যতম সদস্য পংকজ চক্রবর্তী বলেন, এলাকার ননী গোপাল চক্রবর্তী প্রীতিলতার নামে বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ৩৪ শতক জমি দান করেন। ১৯৯৬ সালে বীরকন্যা প্রীতিলতা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পংকজ চক্রবর্তী জানান প্রীতিলতার স্মৃতি ধরে রাখতে একটি কমপ্লেক্স তৈরি করা হবে। এতে থাকবে বিদ্যালয়, লাইব্রেরি, স্মৃতি জাদুঘর, ব্যায়ামাগার, অফিস ও আবাসিক কক্ষ। এর নির্মাণব্যয় ধরা হয়েছে দেড় কোটি টাকা। ২৬ মে এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির।চট্টগ্রামের ধলঘাট দক্ষিণ সমুরা গ্রামে ১৯১১ সালের ৫ মে জন্মগ্রহণ করেন ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিকন্যা ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। তাঁর বাবার নাম জগবন্ধু ওয়াদ্দেদার ও মায়ের নাম প্রতিভাময়ী দেবী। তাঁর বাবা ছিলেন চট্টগ্রাম মিউনিসিপ্যাল অফিসের হেড কেরানি। থাকতেন বর্তমানে পটিয়ার ধলঘাট দক্ষিণ সমুরা গ্রামে। প্রীতিলতার ভিটেবাড়িতে তাঁদের বংশধরদের মধ্যে কেউ থাকে না। সেই বাড়িটি সরকারিভাবে ইজারা নিয়ে বাস করেন শোভারানি দাশের পরিবার। বসতভিটের পশ্চিমে ১৯৭০ সালে বিপ্লবী পূর্ণেন্দু দস্তিদার, অর্ধেন্দু দস্তিদার স্মরণে একটি স্মৃতিসৌধ প্রতিষ্ঠা করেন।