ধলঘাটার শুঁটকিমহাল বন্ধ তিন বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালীর উপকূলীয় দ্বীপ ধলঘাটার শুঁটকিমহাল তিন বছর ধরে বন্ধ রয়েছে। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে স্থানীয় ব্যবসায়ীরা এই উদ্যোগ নেন। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় এর সঙ্গে জড়িত প্রায় পাঁচ হাজার লোক বেকার হয়ে পড়েছেন। তাঁরা এখন পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।জানা গেছে, ধলঘাটা দ্বীপের সরইতলা গ্রামের শুঁটকিমহালের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সাগরের মাছ শুকিয়ে বাজারে বিক্রি করে আসছিলেন। ২০০৬ সালে চাঁদাবাজ ও সন্ত্রাসীরা ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদা আদায় করে। পর্যায়ক্রমে চাঁদার হার বেড়ে যাওয়ায় ২০০৭ সালে ব্যবসায়ীরা শুঁটকিমহাল বন্ধ করে দেন। এর পর সরইতলার অনেক শুঁটকি ব্যবসায়ী উপকূলীয় দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বড়ঘোপ, আলি আকবর ডেইল ও কক্সবাজারের নাজিরারটেকে আশ্রয় নেন। তাঁরা সেখানে শুঁটকির ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন। সম্প্রতি সরইতলা গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে গ্রামের ৮০ ব্যবসায়ী শুঁটকিমহালে মাছ শুকিয়ে শীত মৌসুমে তা বাইরে বিক্রি করতেন। সন্ত্রাসীদের তাড়া খেয়ে সরইতলার ব্যবসায়ী জাকের উল্লাহ, কামাল হোসেন, নুরুল আমিনসহ অনেকেই কুতুবদিয়ার বড়ঘোপ, আলি আকবর ডেইলে আশ্রয় নিয়ে সেখানে শুঁটকির ব্যবসা করছেন। ব্যবসায়ী জাকের উল্লাহ, কামাল হোসেন ও নুরুল আমিন জানান, ১৯৮০ সাল থেকে সরইতলার পশ্চিমে বালুচরে শুঁটকিমহাল তৈরি করে স্থানীয় ব্যবসায়ীরা মাছ শুকিয়ে বাইরে বিক্রি করে আসছিলেন। সাগর থেকে মাছধরার নৌযান নিয়ে জেলেরা বিভিন্ন প্রজাতির মাছ ধরে কূলে এসে শুঁটকি ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। পরে শুঁটকিমহালে শুকিয়ে এগুলো বিক্রি করা হয়। ২০০৬ সালে সাগর পথে নৌকা নিয়ে সন্ত্রাসীরা চাঁদার জন্য শুঁটকিমহালে হামলা চালাত। প্রথমে সন্ত্রাসীদের অল্প টাকা দিয়ে কোনোভাবে মানিয়ে নেওয়া গেলেও পরে তারা মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এতে ব্যবসায়ীরা অসম্মতি জানালে সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালাতে থাকে। একপর্যায়ে অত্যাচার ও নির্যাতন সহ্য করতে না পেরে ব্যবসায়ীরা শুঁটকিমহাল বন্ধ করতে বাধ্য হন।সরইতলা গ্রামের ছৈয়দ আহমদ, কালা মিয়া ও জমির উদ্দিন জানান, শুঁটকিমহালে শ্রমিকের কাজ করে তাঁরা দিনে ১০০-১৫০ টাকা আয় করে কোনো রকম সংসার চালাতেন। কিন্তু তিন বছর ধরে মহাল বন্ধ থাকায় পরিবার নিয়ে চলতে খুব কষ্ট হচ্ছে। ঘটনার সত্যতা স্বীকার করে ধলঘাটা ইউনিয়নের চেয়ারম্যান মকবুল আহমদ জানান, সন্ত্রাসীদের অত্যাচারে সরইতলার ব্যবসায়ীরা তিন বছর আগে শুঁটকিমহাল বন্ধ করে দেন। এতে পাঁচ হাজার মানুষ বেকার হয়ে পড়েন। তিনি অভিযোগ করেন, সন্ত্রাসীদের গ্রেপ্তারের বিষয়ে উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় অনেকবার বলা হলেও কোনো কাজ হয়নি।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার নাথ জানান, ‘শুঁটকিমহাল নিয়ে আগে থানায় কেউ অভিযোগ করেছেন কি না আমার জানা নেই। তবে আমার আমলে এ নিয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘ধলঘাটায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লেখা হয়েছে।’