ধলঘাটায় এখনই বর্ষার আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধলঘাটায় ভাঙা বেড়িবাঁধের পাশে পড়ে আছে ঠিকাদারের নির্মাণ করা সিসি ব্লক l প্রথম আলো
ধলঘাটায় ভাঙা বেড়িবাঁধের পাশে পড়ে আছে ঠিকাদারের নির্মাণ করা সিসি ব্লক l প্রথম আলো

কক্সবাজারের মহেশখালী উপজেলার সাগরদ্বীপ ধলঘাটা ইউনিয়নে বন্ধ হয়ে গেছে বেড়িবাঁধ নির্মাণকাজ। দরপত্রে জালিয়াতির অভিযোগে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ের এই কাজ বন্ধ রাখা হয়েছে। ফলে ঝুঁকির মুখে পড়েছে এখানকার প্রায় ২০ হাজার মানুষ। আগামী বর্ষা নিয়ে এখনই আতঙ্ক ভর করেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
বর্ষায় (এপ্রিল-মে মাসে) সামুদ্রিক জলোচ্ছ্বাসে কয়েক হাজার মানুষের ঘরবাড়ি বিলীন হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। ২০১২ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ধলঘাটার প্রায় দুই কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে দুই শতাধিক ঘরবাড়ি সমুদ্রে বিলীন হয়।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, জলবায়ু পরিবর্তন অর্থায়ন প্রকল্পের আওতায় মহেশখালীর ধলঘাটার প্রায় দুই কিলোমিটার ভাঙা বেড়িবাঁধ নির্মাণ এবং বাঁধের পাশে ৭৮ হাজার সিসি ব্লক নির্মাণের জন্য ২০১৪ সালে প্রায় ১৫ কোটি টাকার পৃথক দুটি দরপত্র আহ্বান করা হয়। কিন্তু দরপত্রে অংশ নেওয়া গিয়াস উদ্দিন নামের কক্সবাজারের আরেকজন ঠিকাদার নির্বাহী প্রকৌশলী এ কে এম সফিকুল হকের বিরুদ্ধে ঘুষ গ্রহণ এবং অনিয়ম ও জালিয়াতির অভিযোগ আনেন। এ নিয়ে উচ্চমহলে লেখালেখি করেন তিনি। এরপর পাউবো তদন্ত দল সরেজমিনে অনুসন্ধানে আসে। তাঁরা তদন্ত করে দুর্নীতি ও জালিয়াতির সত্যতা পান। এর পরিপ্রেক্ষিতে ১০ মার্চ নির্বাহী প্রকৌশলী সফিকুল হককে কক্সবাজার থেকে প্রত্যাহার করা হয়।
পাউবোর ঠিকাদার গিয়াস উদ্দিনের অভিযোগ, ‘ধলঘাটার বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের দরপত্রে তিনিও অংশ নিয়েছিলেন। কিন্তু মোটা অঙ্কের ঘুষ দিতে রাজি না হওয়ায় নির্বাহী প্রকৌশলী সফিকুল হক জালিয়াতির মাধ্যমে আরেক ঠিকাদারকে কাজটি পাইয়ে দিয়ে ৭০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনা তদন্তের জন্য আমি পানিসম্পদমন্ত্রী, পাউবোর মহাপরিচালক, দুদকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছি।’
১১ মার্চ সকালে ধলঘাটায় গিয়ে দেখা গেছে, ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে এলাকা প্লাবিত হচ্ছে। ফাঁকা সৈকতে পরিত্যক্ত সরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি দাঁড়িয়ে আছে। এর পেছনে খোলা মাঠে ঠিকাদারি প্রতিষ্ঠানের কয়েক হাজার সিসি ব্লক পড়ে আছে। প্রকল্প এলাকায় নির্মাণকাজের কোনো পরিচিতিফলক (সাইনবোর্ড) চোখে পড়েনি।
সরইতলার জেলে আবুল হোসাইন ও মোক্তার আহমদ জানান, গত ডিসেম্বর মাসে ঠিকাদারের লোকজন এলাকায় এসে বেড়িবাঁধ নির্মাণ না করে ইট-বালু দিয়ে সিসি ব্লক তৈরি শুরু করেন। প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন ভয়ভীতি প্রদর্শন করেন। কিন্তু ১৫ দিন ধরে সিসি ব্লক ফেলে ঠিকাদারের লোকজন উধাও হয়ে গেছেন। বর্ষার আগে ভাঙা বেড়িবাঁধ নির্মাণ না হলে জলোচ্ছ্বাসে শত শত মানুষের প্রাণহানি ঘটতে পারে।
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান রাজশাহীর মেসার্স সাজ্জাদ ট্রেডিং করপোরেশনের ধলঘাটা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প পরিচালক সাদিকুর রহমান বলেন, পাউবোর নির্বাহী প্রকৌশলীর নির্দেশে বেড়িবাঁধ নির্মাণের আগে ব্লক তৈরি করা হচ্ছিল। ইতিমধ্যে পাঁচ হাজার ব্লক তৈরি করা হয়েছে। কিন্তু টাকার অভাবে অবশিষ্ট ব্লক তৈরি সম্ভব হচ্ছে না। দরপত্রে জালিয়াতির মাধ্যমে বেড়িবাঁধের কাজ পাওয়া প্রসঙ্গে সাদিকুর রহমান বলেন, এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী সফিকুল হক ভালো বলতে পারবেন।
পাউবো নির্বাহী প্রকৌশলী একেএম সফিকুল হক বলেন, দরপত্রে সংযুক্ত ঠিকাদারের দেওয়া পে-অর্ডার টি ছিল ভুয়া। তাই দরপত্রে জালিয়াতির অভিযোগে এক সপ্তাহ আগে ধলঘাটা প্রকল্পের নির্মাণকাজ বাতিল করা হয়েছে। ওই এলাকার বেড়িবাঁধ নির্মাণের জন্য পুনরায় দরপত্র আহ্বন করা হচ্ছে। তিনি জালিয়াতির মাধ্যমে কাজ পাইয়ে দিয়ে ৭০ লাখ টাকার ঘুষ গ্রহণের অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। তাহলে কী কারণে তাঁর প্রত্যাহার-জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। দরপত্র গ্রহণের সময় ভুয়া পে-অর্ডারটি ভালোভাবে দেখা হয়নি।’