ধলঘাটায় খাবার পানির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের ১৭ গ্রামে খাবার পানির সংকট দেখা দিয়েছে। প্রতিদিন ভাঙা বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে পড়ায় এলাকার নলকূপ ও পাতকূপ ডুবে যাচ্ছে। এ ছাড়া লবণাক্ত হয়ে গেছে পানি। স্থানীয় লোকজন জানান, প্রায় তিন মাস ধরে ধলঘাটা ইউনিয়নের সরইতলা, ষাইটপাড়া, নতুন ঘোনা, দক্ষিণে ভারত ঘোনা, পণ্ডিত ডেইল, সুতরিয়া, মুহুরিঘোনা ও সাপমারার ডেইলসহ ১৭ গ্রামে জোয়ার-ভাটা চলছে। এখনো ভাঙা বেড়িবাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি।সরইতলার বাসিন্দা নুরুন্নবী (৩৫) ও আনোয়ার হোসেন (৪২) বলেন, জোয়ার হলে এলাকার নলকূপ ও পুকুর ডুবে যায়। নলকূপের পানি তো পান করাই যাচ্ছে না। এখন পুকুরের পানি ফুটিয়ে পান করছি। তাতেও লবণাক্ততা। ধলঘাটা ইউনিয়নের স্বাস্থ্যকর্মী মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, বিশুদ্ধ খাবার পানি না পেয়ে অনেকেই লবণাক্ত পানি পান করছেন। ফলে স্থানীয় লোকজন ডায়রিয়া, কলেরাসহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। ধলঘাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, ১৭ গ্রামে বিশুদ্ধ খাবার পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। এ নিয়ে এলাকার লোকজন দুর্ভোগ পোহাচ্ছেন। পানীয় জলের সমস্যা নিরসনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, এলাকার ভাঙা বেড়িবাঁধ জরুরি ভিত্তিতে মেরমত করতে হবে। লোকালয়ে জোয়ারের পানি ঢোকা বন্ধ করতে পারলে খাবার পানির সংকট কেটে যাবে। বাঁধ সংস্কার করতে পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে।