ধলঘাটায় তিন মাসেও মেরামত হয়নি ভাঙা বেড়িবাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালী উপজেলার ধলঘাটায় গত মে মাসে পূর্ণিমার জোয়ারে ভেঙে যাওয়া বেড়িবাঁধ এখনো মেরামত করা হয়নি। ফলে, পাঁচ গ্রামে তিন মাস ধরে জোয়ার-ভাটা চলছে। ইতিমধ্যে জোয়ারের পানিতে ভেঙে পড়েছে অনেক ঘরবাড়ি। দুর্ভোগ পোহাচ্ছে প্রায় ১০ হাজার মানুষ।স্থানীয় লোকজন জানান, গত ২৫, ২৬ ও ২৭ মে পূর্ণিমার জোয়ার ও সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ১২ কিলোমিটার বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ভেঙে যায়। এখন নতুন করে ভাঙন ধরেছে ধলঘাটার সরইতলা ও পণ্ডিত ডেইল এলাকায়।সরেজিমনে দেখা গেছে, ধলঘাটার পশ্চিমের সরইতলা, দক্ষিণে ভারতঘোনা, পণ্ডিত ডেইল, সুতরিয়া ও সাপমারার ডেইল এলাকার ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে জোয়ারের পানি ঢুকছে। সরইতলার বাসিন্দা আবদুল হক বলেন, ‘তিন মাস ধরে আমরা কষ্ট পাচ্ছি। কিন্তু বাঁধ সংস্কারের কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।’ধলঘাটার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আতাউল্লাহ বলেন, ‘দ্রুত বাঁধ সংস্কার না করলে এখানে কেউ বসবাস করতে পারবে না। তাই আমরা সরকার থেকে কোনো ত্রাণ বা সাহায্য চাই না, শুধু বাঁধের সংস্কার চাই।’ধলঘাটা ইউপির চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, গত বছর ৫০ লাখ টাকা খরচ করে বাঁধ সংস্কার করা হয়েছিল। কিন্তু সাগরের ঢেউয়ের তোড়ে সেটা ভেঙে গেছে। এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মাইনুদ্দিন বলেন, স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করার জন্য জলবায়ু ফান্ড থেকে ৪৪ কোটি টাকা বরাদ্দ চেয়ে ইতিমধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। কিন্তু বরাদ্দ এখনো না আসায় নির্মাণকাজ শুরু করা যাচ্ছে না।আপাতত বর্ষা ও জোয়ারের পানি ঠেকাতে জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের জন্য স্থানীয় ইউপির চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।