ধলঘাটায় মানুষের ভরসা একটি কমিউনিটি ক্লিনিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালী উপজেলার উপকূলীয় দ্বীপ ধলঘাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রটি চার বছর ধরে বন্ধ রয়েছে। এলাকার ৪০ হাজার মানুষের ভরসা তাই একমাত্র কমিউনিটি ক্লিনিকটি। ধলঘাটা ইউনিয়নের ৪০ হাজার মানুষকে চিকিৎসাসেবা দিতে স্থাপিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রটি লোকবল-সংকটের কারণে বন্ধ রয়েছে। যোগাযোগব্যবস্থা অনুন্নত থাকার কারণে সদরে কিংবা বাইরে গিয়ে চিকিৎসা করা সম্ভব হয়ে ওঠে না। এলাকাবাসীর এই দুর্ভোগের কথা চিন্তা করে বর্তমান সরকার ২০১১ সালের নভেম্বর মাসে একমাত্র কমিউনিটি ক্লিনিকটি পুরোদমে চালু করে। স্থানীয় লোকজন প্রাথমিক সেবা এখন এখান থেকেই পাচ্ছে। স্থানীয়দের কাছে পরিচিত মুহুরি ঘোনা কমিউনিটি ক্লিনিক। এর দায়িত্বে আছেন কমিউনিট হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) সুলতানা ইয়াছমিন। তিনি বলেন, অন্য কোনো উপায় নেই বলে দ্বীপের মানুষ কমিউনিটি ক্লিনিকমুখী হচ্ছেন। দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে। প্রাথমিক চিকিৎসাসেবার মধ্যে স্থানীয় লোকজনকে জ্বর, কাশি, সর্দি, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে সেবা দেওয়া হচ্ছে এবং ওষুধ দেওয়া হয়। তিনি বলেন, দিনে ৫০ থেকে ১০০ জন রোগীকে সেবা দেওয়া হচ্ছে। স্থানীয় নাছির মোহাম্মদ ডেইল এলাকার বাসিন্দা আনছার হোসেন ও রহিম উল্লাহ, সরইতলার বাসিন্দা নবীর হোসেন বলেন, বন্ধ স্বাস্থ্যকেন্দ্রটি চালু হওয়া দরকার। শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা হয় কমিউনিটি ক্লিনিকে। ১৯৯৭ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গ্রাম পর্যায়ে জনগণের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক চালু করে। তবে বিগত জোট সরকারের আমলে তা বন্ধ করে দেওয়া হয়। বর্তমান সরকার আবার সেগুলো চালু করে। মহেশখালীর বিভিন্ন ইউনিয়নে এ রকম ২৫টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই এলাকায় আরও অন্তত পাঁচটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা প্রয়োজন। এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মাবুদ বলেন, ‘ধলঘাটায় আরও একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করার জন্য গত এক বছর ধরে চেষ্টা করছি। কিন্তু স্থানীয় লোকজন পাঁচ শতক জমি না দেওয়ার কারণে ওই এলাকায় নতুন করে কমিউনিটি ক্লিনিকটি নির্মাণ করা সম্ভব হয়নি।’