ধলঘাটায় শেষ হয়নি বেড়িবাঁধের সংস্কারকাজ
মহেশখালী উপজেলার ধলঘাটায় সাড়ে ছয় কিলোমিটার বেড়িবাঁধের সংস্কারকাজ নির্ধারিত সময়ে শেষ হয়নি। ঠিকাদারের আবেদনের পরিপ্রেক্ষিতে দেড় মাস সময় বাড়িয়ে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু এখনো কাজ চলছে ধীরগতিতে। ফলে বর্ধিত সময়ে সংস্কারকাজ শেষ হবে কি না সংশয় দেখা দিয়েছে। এ ছাড়া সংস্কারকাজে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত বছরের জুলাই মাসে সাড়ে ছয় কিলোমিটার বাঁধ সংস্কারের জন্য প্রায় ১৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এ প্রকল্পের আওতায় ধলঘাটা ইউনিয়নের সুতরিয়ার দক্ষিণ থেকে মাতারবাড়ি সাইরার ডেইলের দক্ষিণ পাশ এলাকা পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার বাঁধ সংস্কার, সাড়ে সাত শ মিটার বিকল্প বাঁধ সংস্কার ও ১ দশমিক ২২ কিলোমিটার বেড়িবাঁধে সিসি ব্লক নির্মাণ করা হচ্ছে। দরপত্রে বাঁধ সংস্কারের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড। কার্যাদেশ অনুযায়ী গত বছরের ১৫ অক্টোবর সংস্কারকাজ শুরু হয়ে চলতি বছরের ১৫ মের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ঠিকাদারের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় আরও দেড় মাস বাড়িয়ে ৩০ জুন করা হয়।সরেজমিনে দেখা যায়, ধলঘাট ইউনিয়নের সরাইতলার পশ্চিমে বেড়িবাঁধ সংস্কারকাজ শেষ না হওয়ার আগেই সাগরের ঢেউয়ে আবার ভেঙে যাচ্ছে। আর ধলঘাটার উত্তর দিকে বাঁধ সংস্কারকাজ বন্ধ রয়েছে। প্রায় আট শ মিটার বাঁধে এখনো সিসি ব্লক বসানো হয়নি। কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ এ এইচ এম হামিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বেড়িবাঁধ সংস্কারের কাজ ধীরগতিতে চলছে। এ কারণে বর্ষার আগে সংস্কারকাজ শেষ হবে কি না সংশয় রয়েছে।’ তিনি বলেন, ‘দেড় মাস আগে সংস্কারকাজ পরিদর্শনে গিয়ে কিছু অনিয়ম চোখে পড়ে। এর মধ্যে সিসি ব্লক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ মাটির পরিমাণ কমিয়ে কিছু স্থানে বেশি পরিমাণ বালু দিয়ে বাঁধ সংস্কার করা হয়েছে।’ ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘বাঁধ সংস্কারের কাজে নানা অনিয়ম হচ্ছে। মাটির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে বালু। ফলে এ বাঁধ টেকসই হবে না। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে মৌখিকভাবে বলা হয়েছে।’ তিনি বলেন, ‘বর্ষার আগেই বিধ্বস্ত বাঁধ সংস্কারের কাজ শেষ না হলে বর্ষা মৌসুমে ধলঘাটা ইউনিয়নের পুরো এলাকার প্রায় ৫০ হাজার মানুষকে সাগরের জোয়ারের পানিতে ভাসতে হবে।’ সংস্কারকাজ তদারকির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী কাজী নজরুল ইসলাম বলেন, ‘কার্যাদেশ অনুযায়ী বাঁধ সংস্কারকাজে ৩০ শতাংশ বালু দেওয়ার কথা। কিন্তু যেসব স্থানে বালু বেশি দেওয়া হয়েছে সেখানে মাটি দিয়ে বাঁধ তৈরি করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।’ঠিকাদার বশির আহমদের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করার পরও তাঁকে পাওয়া যায়নি। তবে ঠিকাদারের পক্ষে বাঁধ সংস্কারের কাজ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হক প্রথম আলোকে বলেন, ‘সাগরের ঢেউয়ের কারণে বেড়িবাঁধের কিছু কিছু স্থানে ফাটল ধরেছে।’ সংস্কারকাজে ধীরগতির কথা স্বীকার করে তিনি বলেন, ‘যোগাযোগব্যবস্থা অনুন্নত হওয়ার কারণে মালামাল আনতে সময় বেশি যাচ্ছে। এ কারণে যথাসময়ে কাজ শেষ করা সম্ভব হচ্ছে না।’ অনিয়মের বিষয়ে বলেন, ‘বাঁধ সংস্কারের কাজ করতে গিয়ে আশপাশে কোনো মাটি না পাওয়ায় কিছু স্থানে বালু বেশি দেওয়া হয়েছে। কিন্তু কর্তৃপক্ষের চাপের মুখে যেখানে বালু বেশি দেওয়া হয়েছে সেখানে মাটি বাড়িয়ে দেওয়া হচ্ছে।’ এ প্রসঙ্গে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাইনুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এখনো বাঁধ ২ সংস্কারের কাজ ধীরগতিতে চলছে। এ কারণে বর্ধিত সময়েও বাঁধ সংস্কারের কাজ শেষ হবে কি না সন্দেহ রয়েছে। এরপরও বাঁধ সংস্কারের কাজ জরুরিভিত্তিতে শেষ করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।’ তবে বাঁধ নির্মাণে অনিয়ম হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বড় ধরনের কোনো অনিয়ম হচ্ছে না। এরপরও যেখানে ত্রুটি-বিচ্যুতি হচ্ছে সেখানে মালামাল পরিবর্তন করে টেকসই বাঁধ নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।’