ধলঘাটে খাওয়ার পানির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে বিলীন হওয়া বেড়িবাঁধ দিয়ে প্রতিদিন জোয়ার-ভাটা চলছে কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাট ইউনিয়নে। জোয়ারের নোনা পানিতে প্রতিদিন ডুবছে সব কটি নলকূপ। ভাটার সময় এসব নলকূপ থেকে পানি সংগ্রহ করা হলেও তা সব সময় পান করা যাচ্ছে না। ফলে দেখা দিয়েছে খাওয়ার পানির সংকট।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, ধলঘাট ইউনিয়নের সরইতলা, সুতরিয়া, পিণ্ডত ডেইল, সাপমারার ডেইল, বেগুন বনিয়া, সিকদারপাড়া, মহরিঘোনা এলাকার ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হচ্ছে এলাকা। জোয়ারের পানিতে ভাসছে অন্তত ২০ হাজার মানুষ। আর এসব এলাকার গভীর নলকূপ জোয়ারের পানিতে ডুবছে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্র জানায়, ধলঘাটে ৫০টি গভীর ও ৭০টি অগভীর নলকূপ রয়েছে। এর মধ্যে অগভীর নলকূপের পানি পান করা যায় না। এসব পানি লবণাক্ত থাকে।
স্থানীয় লোকজন জানান, ঘূর্ণিঝড়ের আঘাতে ধলঘাটের প্রায় পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। প্রায় তিন শ পুকুরে নোনা পানি ঢুকে পড়েছে।
সরইতলার বাসিন্দা রমিজ উদ্দিন ও নাজেম উদ্দিন বলেন, ভাটার সময় নলকূপ থেকে পানি সংগ্রহ করলে তা প্রায় সময় পান করা যাচ্ছে না। এ জন্য দ্রুত বাঁধ সংস্কার করা জরুরি।
ধলঘাট ইউনিয়নের স্বাস্থ্যকর্মী মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, এমনিতে এলাকায় পর্যাপ্ত নলকূপ নেই। তার মধ্যে জোয়ার হলেই নলকূপগুলো ডুবে যাচ্ছে। এ সময় নলকূপ থেকে পানি নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে এলাকায় খাবার পানির সংকট দেখা দিয়েছে। এ অবস্থা চলতে থাকলে এলাকায় পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এ প্রসঙ্গে ধলঘাট ইউপি চেয়ারম্যান কামরুল হাসান বলেন, পুকুরের মিঠাপানিও লবণাক্ত হয়ে পড়ায় স্থানীয় লোকজন গোসলসহ প্রয়োজনীয় কাজে পানি ব্যবহার করতে পারছেন না। তাই জরুরি ভিত্তিতে পানি সংকট নিরসনের জন্য এলাকায় ১০০টি নলকূপ স্থাপনের পাশাপাশি পুকুর সংস্কারের জন্য গত মাসে উপজেলার মাসিক সমন্বয় সভায় উত্থাপন করা হয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ কামরুল হাসান বলেন, ইতিমধ্যে ধলঘাটে দুই হাজার পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। কিন্তু এলাকায় জোয়ার-ভাটা বন্ধ না হলে বিশুদ্ধ খাওয়ার পানির ব্যবস্থা করা সম্ভব হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম বলেন, ধলঘাটে খাবার পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। জরুরি ভিত্তিতে এলাকায় বিশুদ্ধ খাবার পানি ব্যবস্থা করার জন্য উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরকে বলা হয়েছে।