ধলাচানের গিরিত্তি

তরুণ ধলাচানের সঙ্গে বিয়ে হয় গ্রামেরই এক কিশোরীর সঙ্গে। সংসার ও স্ত্রীর প্রতি উদাসীন ধলাচানের ঘরে বিয়ের পরপরই আসে কন্যাসন্তান। প্রথম সন্তানের জন্মের কিছুদিনের মধ্যেই আবারও গর্ভবতী হয়ে পড়ে ধলাচানের স্ত্রী। গ্রাম্য ওঝার টোটকা চিকিৎসায় ভরসা ধলাচানের। তাই স্ত্রীর প্রসব বেদনা উঠলে গ্রামের ওঝাদেরই খবর দেয় সে। বিপদ বুঝতে পেরে ধলাচানের বিদ্যালয়পড়ুয়া শ্যালিকা মুঠোফোনে জানিয়ে দেয় স্বাস্থ্যকর্মীকে। তাঁর পরামর্শে নৌকায় করে ধলাচানের স্ত্রীকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে। বিলম্বিত প্রসব হলেও মা ও শিশু দুজনই রক্ষা পায়।
চাকমা ভাষায় নির্মিত টেলিফিল্ম ধলাচানের গিরিত্তিরবাংলা তরজমা করলে অর্থ দাঁড়ায় ‘ধলাচানের সংসার’। মা ও নবজাতকের স্বাস্থ্য সচেতনতামূলক এই টেলিফিল্ম নির্মিত হয়েছে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অর্থায়নে। চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা, পরিচালনা এবং অভিনয়ে ছিলেন তরুণ সাংস্কৃতিককর্মী নিরূপম চাকমা। ২১ জুলাই রাঙামাটির সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এর উদ্বোধনী প্রদর্শনী প্রশংসা কুড়ায় দর্শকদের।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ‘মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা প্রকল্পের’ আওতায় নির্মিত হয়েছে এই চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন জুমফুল থিয়েটারের কলাকুশলীরা। চলচ্চিত্রটির পরিচালক নিরূপম চাকমা অভিনয় করেছেন ধলাচানের চরিত্রে। এ ছাড়া ধলাচানের স্ত্রীর ভূমিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ননাবী চাকমা, চিকিৎসকের চরিত্রে রাঙামাটি জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের সহকারী রেজিস্ট্রার উৎপল বর্ণা চাকমা, স্বাস্থ্যকর্মীর চরিত্রে দিশা তালুকদার, ধলাচানের শ্যালিকার চরিত্রে স্বরূপা চাকমা ও মেম্বার চরিত্রে সচিব চাকমা অভিনয় করেছেন।
টেলিফিল্ম নির্মাণের উদ্দেশ্য সম্পর্কে ইউএনএফপিএর রাঙামাটি জেলা প্রতিনিধি হেলেন চাকমা বলেন, মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা একটি জটিল বিষয়। কিন্তু এটি এখনো অবহেলিত রয়ে গেছে। জনগণকে এ বিষয়ে সচেতন করতে ছবিটি নির্মাণ করা হয়েছে। এটি উপজেলা পর্যায়ে প্রদর্শন করা হবে।
রাঙামাটি জেলা সিভিল সার্জন স্নেহ কান্তি চাকমা বলেন, এ ছবিটি চাকমা ভাষায় নির্মিত হওয়ায় সাধারণ মানুষ খুব সহজে বিষয়টি হৃদয়ঙ্গম করতে পারবে। সচেতনতা সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয়।
রাঙামাটি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক বেগম শাহানওয়াজ বলেন, ছবিটি দেখে মানুষ উপকৃত হবে। কারণ, ছবিতে বাস্তব বিষয় তুলে ধরা হয়েছে।