তার গায়ের রং ধবধবে সাদা বলে সবাই তাকে ‘ধলো’ বলে ডাকত। কয়েক দিন ধরে আলোচনা হচ্ছে, সামনের হাটে তাকে বিক্রি করে দেবে। আমি একবার দাদার কাছে, আরেকবার দাদির কাছে ছুটছি। তাঁরা যেন বাবাকে বুঝিয়েসুঝিয়ে ধলোকে বিক্রি না করার জন্য বলেন। তখন আমার বয়স কতইবা হবে! আট বা নয়! আমার কথা সবাই হেসে উড়িয়ে দেয়, কেউ পাত্তা দেয় না। সবার সঙ্গে অভিমান করে নাওয়া-খাওয়া বন্ধ করে দিলাম। কারও সঙ্গে কথা বলি না। স্কুলে যাওয়াও বন্ধ। পাছে আমার অনুপস্থিতিতে ধলোকে বিক্রি করে দেয়! সারা দিন ধলোকে নিয়েই থাকি। তার মাথাটা বুকে জড়িয়ে ধরে আদর করি। যার জন্য আমার এত দরদ, এত আবেগ আর যাকে হারানোর এত ভয়, সে আর কেউ নয়, একটা নিরীহ ও অবুঝ প্রাণী। একটি গরু। তার প্রতি আমার মমত্বের শুরু যখন তার বয়স দুই-আড়াই মাস হবে। দেখতাম, সারাটি রাত তাকে তার মায়ের কাছে ঘেঁষতে দেওয়া হয় না। বেঁধে রাখা হয় আলাদা করে; যদি দুধ খেয়ে ফেলে! সকালে মা একটা বালতি নিয়ে দুধ দোহন করতে যান। এ সময় ধলো তার মায়ের কাছে প্রথমবারের মতো আসার সুযোগ পায়। সারা রাত অভুক্ত থাকার পর তাকে যখন ছেড়ে দেওয়া হয়, সে আনন্দে লাফিয়ে লাফিয়ে তার মায়ের কাছে ছুটে আসে। মাও তার আদরের সন্তানকে কাছে পেয়ে আগ্রহভরে দুধ খেতে দেয়। ভারি চমৎকার দৃশ্য এটি! কিন্তু দেড়-দুই মিনিটের চেয়ে বেশি স্থায়ী হয় না এ দৃশ্য। মা ছোট্ট ধলোকে টেনে হিঁচড়ে আলাদা করে একটা খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। সে বারবার তার মায়ের কাছে আসার ব্যর্থ চেষ্টা করে। আর এদিকে আমার মা গাভির সব দুধ দোহন করে নিয়ে নেন। ধলো তার মায়ের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে।মা সবাইকে গ্লাস ভরে দুধ খেতে দেন। সবাই খেলেও আমি পারি না। আমার চোখের সামনে যে অভুক্ত ধলোর করুণ চোখ ভেসে ওঠে! দেখতে দেখতে ধলো একদিন বড় হয়ে ওঠে। আমাদের সম্পর্ক দিন দিন গভীর থেকে গভীরতর হতে থাকে। ধলো একদিন বাচ্চা প্রসব করল। মা হওয়ার পর খুব রগচটা হয়ে গেল। তার বাচ্চার গায়ে হাত দেওয়া তো দূরের কথা, ধারেকাছেও কেউ ভিড়তে পারে না। বড় আপা একবার খড় দিতে গিয়ে তার ঢুস খেয়ে ফিরে এল। আমি একবার সাহস করে ধলোর কাছে যাই, বাচ্চার গায়ে হাত দিই; আমাকে কিছুই করল না।সেই ধলোকে বাঁচানোর জন্য এ রকম আকুলতা থাকাটা কি স্বাভাবিক নয়? সেদিন হাটের দিন। বাবা আর বড় দাদা মিলে ধলোকে হাটে নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় শুরু করেছেন। আমার শত কান্নাকাটি আর আহাজারি কোনো কাজে এল না। শুধু বড় দাদার বিশেষ কৃপায় আমার হাটে যাওয়ার অনুমতি মেলে। বিশাল হাট। এত গরু আমি জীবনে একসঙ্গে দেখিনি। এত গরুর ভিড়ে ধলোকে নিশ্চয় কেউ খেয়াল করবে না, অবিক্রীত থেকে যাবে। আমার ধলো আবার ফিরে যাবে ঘরে। এ প্রার্থনাই করতে থাকলাম। হাটে যতক্ষণ ছিলাম, ধলোর মাথা আমার বুকে জড়িয়ে ধরেই ছিলাম। ধলো হয়তো তখনো বুঝে উঠতে পারেনি তার পরিণতির কথা বা আমারই এত উদ্বিগ্নতার কারণ কী? বাবার সঙ্গে কথা বলার পর দুজন লোক যখন ধলোর গলার দড়ি বড় দাদার হাত থেকে নিল, আমি হাউমাউ করে কেঁদে উঠি। আমার কান্না আস্তে আস্তে চিৎকারে রূপ নিলে পুরো বাজারের লোক আমার দিকে তাকিয়ে থাকে। আমি তখনো ধলোকে জড়িয়ে ধরে আছি, কিছুতেই ছাড়ছি না। আমার বিশ্বাস, ধলোও ততক্ষণে বুঝে গেছে তার পরিণতির কথা। বুঝে গেছে তার সবচেয়ে কাছের বন্ধুকে চিরদিনের মতো হারাতে বসেছে সে। না হলে তার চোখেও কেন জল আসবে? বাবা আর বড় দাদা মিলে আমাকে ছাড়িয়ে নিলে ধলোকে টানতে টানতে নিয়ে যায় ওই লোক দুটো। আমি বারবার পেছন ফিরে তাকাচ্ছিলাম আর ‘আমার ধলো...আমার ধলো...’ বলে শোকের মাতম তুলে পুরো হাটের আকাশ-বাতাস ভারী করে তুলছিলাম। এরপর প্রায় একযুগ কেটে গেছে। আমি এখন স্কুলে পড়ুয়া সেই শিশুটি নই। বিশ্ববিদ্যালয়ে পড়ি। এখনো প্রতি ঈদে ধলোকে খুব মনে পড়ে। হিমেল মাহমুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।