ধস ঠেকাতে বালুর বস্তার ঠেস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-কক্সবাজার সড়কে মাতামুহুরী নদীর ওপরের সেতুটি দেবে যাওয়ায় ধস ঠেকাতে বালুর বস্তা দিয়ে ঠেস দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ সেতুর ওপর দিয়ে চলছে ভারী যানবাহন। ছবিটি ১৭ মে তোলা l প্রথম আলো
চট্টগ্রাম-কক্সবাজার সড়কে মাতামুহুরী নদীর ওপরের সেতুটি দেবে যাওয়ায় ধস ঠেকাতে বালুর বস্তা দিয়ে ঠেস দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ সেতুর ওপর দিয়ে চলছে ভারী যানবাহন। ছবিটি ১৭ মে তোলা l প্রথম আলো

সেতুর নিচের একটি অংশে একেকটি বস্তা দিয়ে তৈরি করা হয়েছে বাঁধের মতো। তার ওপর লোহার পাটাতন। বালুর বস্তার চারপাশ ঘিরে দেওয়া হচ্ছে ইটের প্রাচীরে। চকরিয়ার মাতামুহুরী সেতুর ধস ঠেকাতে অস্থায়ী এই ব্যবস্থা। গত এপ্রিল মাসের টানা বৃষ্টিতে সেতু দেবে গিয়ে ঝুঁকির মুখে পড়ে।
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর ওপর নির্মাণ করা হয় সেতুটি। সেতুর ওপর দিয়ে প্রতিদিন চলাচল করে ১০ হাজারের বেশি যানবাহন। পর্যটননগর কক্সবাজারের প্রবেশদ্বার এ মাতামুহুরী সেতু।
সরেজমিনে দেখা গেছে, সেতুর গার্ডারের বিভিন্ন স্থান থেকে পলেস্তারা খসে পড়ছে। পাঁচটি পিলারের (মূল স্তম্ভ) মাঝখানের ৩ নম্বর পিলারে দেখা দিয়েছে ফাটল। সেতুর ওপর অংশেও কয়েকটি জায়গা ফুটো হয়ে গেছে। এসব ফুটো ঢেকে দেওয়া হয়েছে লোহার পাটাতনে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, ১৯৬০ সালে চকরিয়ার মাতামুহুরী নদীর ওপর ৩১৫ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ হয়। এরপর থেকে সওজ বিভাগ এটি দেখভাল করছে।
সওজ বিভাগে কর্মরত একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রায় পাঁচ বছর আগে সেতুর মাঝখানে ঢালাইয়ের একটি অংশ সামান্য দেবে যেতে শুরু করে। একই সময় ভারী বৃষ্টিতে আরও কিছু অংশ দেবে গিয়ে সেতুতে ফুটার সৃষ্টি হয়। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ক্ষত স্থানে দেওয়া হয় লোহার পাটাতন।
স্থানীয় লোকজন জানান, দেবে যাওয়া ও ফুটো হওয়া স্থানে বসানো লোহার সেই পাটাতন সেতু থেকে একটু উঁচু হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এর ফলে দুর্ঘটনাও ঘটছে। এর মধ্যে বড় দুর্ঘটনা ঘটে ২০১৩ সালের ২ ফেব্রুয়ারি ভোরে। সেদিন পর্যটকবাহী একটি বাস সেতুর পাটাতনের ওপরে উঠে নিয়ন্ত্রণ হারায়। বাসটি সেতুর পূর্ব পাশের রেলিংয়ে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। এ দুর্ঘটনায় প্রাণ হারান ১৮ জন। তাঁরা সবাই গাজীপুরের বাসিন্দা। এরপর সওজ ভেঙে যাওয়া রেলিং মেরামত এবং দেবে যাওয়া অংশ আবারও সংস্কার করে যানবাহন চলাচল নির্বিঘ্নœ করে। এভাবে ঝুঁকির মধ্যেই এত দিন ধরে চলছে যানবাহন।

সেতুর পিলারে দেখা দিয়েছে বড় আকারের ফাটল l প্রথম আলো
সেতুর পিলারে দেখা দিয়েছে বড় আকারের ফাটল l প্রথম আলো

চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম প্রথম আলোকে বলেন, জোড়াতালির মাধ্যমে সেতুটি সংস্কার করে সওজ কোনো মতে যানবাহন চলাচল নিশ্চিত করলেও সাম্প্রতিক সময়ের ভারী বর্ষণে আবারও সেতুর মাঝখানের অংশ দেবে যাওয়ার উপক্রম হয়। এরপর সেতুর নিচ থেকে বালুর বস্তা দিয়ে কোনোভাবে ভারসাম্য রক্ষার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই চেষ্টা কতটুকু কাজ দেবে, সেই আশঙ্কা থেকেই যাচ্ছে।
সওজের কর্মকর্তারা জানান, যানবাহন চলাচলে ঝুঁকি এড়াতে সেতুর নিচে মাটির ওপর থেকে গার্ডারের তলানি পর্যন্ত ৭ ফুট উচ্চতার বালুর বস্তার ঠেস দেওয়া হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে ২ হাজার ৮০০ বালুর বস্তা। বালুর বস্তা বসানোর কাজ চলে ১০ থেকে ২০ এপ্রিল পর্যন্ত। এখন চলছে বালুর বস্তার চারদিকে ইটের গাঁথুনি দেওয়ার কাজ, যাতে বালুভর্তি বস্তা সরে যেতে না পারে। এটিও ৭ ফুট করা হবে। এ ছাড়াও সেতুর ওপর দিয়ে ১০ টন ওজনের বেশি পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে সেতুর দুই দিকে সতর্কতামূলক সাইন বোর্ড স্থাপন করা হয়েছে।
লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সেলিম বাঙ্গালী প্রথম আলোকে বলেন, ৬ মে কক্সবাজারে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। সে ঘোষণা অনুযায়ী মাতামুহুরী সেতুও চার লেনের হবে।
তিনি বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচতে দ্রুত মাতামুহুরী সেতু ঝুঁকিমুক্ত বা নতুনভাবে নির্মাণের দাবি করেন।
নিরাপদ সড়ক চাই (নিসচা), চকরিয়া উপজেলা শাখার সভাপতি সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, সেতুর ওপরে মালবাহী গাড়ি উঠলেই পুরো সেতু কেঁপে ওঠে। বালুর বস্তা দিয়ে কত দিন একটি ব্যস্ততম সেতু টিকিয়ে রাখা যাবে?
সোহেল মাহমুদ জানান, দ্রুত নতুন সেতু নির্মাণের দাবিতে নিসচার পক্ষ থেকে ১৪ মে মানববন্ধন করা হয়। এ সেতু দিয়ে দৈনিক ১০ হাজারের বেশি গাড়ি চলাচল করছে। অথচ সেতু ঝুঁকিমুক্ত করতে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না।
জানতে চাইলে সড়ক ও জনপথের চকরিয়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আবু এহেছান মোহাম্মদ আজিজুল মোস্তাফা বলেন, এপ্রিল মাসের টানা কয়েক দিন ভারী বৃষ্টিপাতে সেতুর মাঝখানে আবারও দেবে যাওয়া শুরু করে। দেবে যাওয়া অংশের ওপর বসানো পাটাতনগুলো সরে যায়। এ অবস্থায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সেতুর গার্ডারের নিচে বালুভর্তি বস্তা দেওয়া হয়েছে। এতে আপাতত সেতুটি ঝুঁকিমুক্ত বলা যায়।