ধস নেমেছে পর্যটন ব্যবসায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘২০ দিন আগেও হাজারো পর্যটক ভাজা মাছ খাওয়ার জন্য প্রতিযোগিতা দিতেন। প্রতিটি হোটেলে প্রতিদিন মাছের চাহিদা ছিল ১০ থেকে ১৫ মণ। আর এখন ভাজা মাছ খাওয়ার কেউ নেই। হরতাল-সহিংসতার পর কেউ সেন্ট মার্টিনে আসছেন না। ফলে এই দ্বীপের শতাধিক হোটেল-মোটেল কটেজ ও রেস্তোরাঁ অচল হয়ে পড়েছে।’ গত বৃহস্পতিবার হতাশ কণ্ঠে সেন্ট মার্টিনের সবচেয়ে বড় হোটেল শাহীনার মালিক হারুন অর রশিদ এসব কথা বলেন ।তিনি জানান, এখন দিনে শতাধিক পর্যটক দ্বীপ ভ্রমণে আসছেন। যা জানুয়ারি মাসে ছিল দৈনিক গড়ে সাত হাজার। এই অবস্থা অব্যাহত থাকলে সেন্ট মার্টিনের সব ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাবে। সরেজমিনে দেখা গেছে, জেটিঘাট-সংলগ্ন বাজারের ২০ থেকে ২৫টি রেস্তোরাঁয় সাজিয়ে রাখা হয়েছে রূপচাঁদা, কালোচাঁদা, টেকচাঁদা, কোরাল, গলদা চিংড়ি, চাপা, ছুরি, পোপাসহ হরেক রকমের মাছ। কিন্তু খাওয়ার কেউ নেই।সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুল আমিন জানান, পর্যটক না থাকায় দ্বীপের ৭৫টি হোটেল ও ৩০টি রেস্তোরাঁয় বিক্রি প্রায় বন্ধ রয়েছে। আগামী এপ্রিল মাস পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটকেরা আসতে পারবেন। কিন্তু হরতাল-সহিংসতা অব্যাহত থাকায় এখনই ব্যবসায় ধস নেমেছে। চার শতাধিক হোটেল-গেস্টহাউস ফাঁকা: কক্সবাজার শহরের ঝাউতলার হোটেল সাগরগাঁওয়ের ব্যবস্থাপক মো. নুরুল আমিন বলেন, আগে টানা হরতাল বা কয়েক দিনের ছুটি পড়লে পর্যটকেরা কক্সবাজার ছুটে আসতেন। এখন কক্সবাজারকে কেউ নিরাপদ মনে করছেন না। ফলে হোটেলের কক্ষ খালি থাকছে।পাশের হোটেল সি-কুইন, আলহেরা, হোটেল প্যানোয়া, পালঙ্কী, সিলভার শাইনসহ বিভিন্ন হোটেলেরও একই অবস্থা যাচ্ছে। হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, এ সময়ে দিনে গড়ে ৫০ হাজার পর্যটক সৈকত ভ্রমণে এলেও এখন এই সংখ্যা মাত্র কয়েক শ। ফলে লোকসানের কারণে বহু হোটেল মালিক কর্মচারী ছাঁটাই করছেন। কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, কয়েক দফার টানা হরতাল ও সহিংস ঘটনা কক্সবাজারের পর্যটনশিল্প খাতে ধস নেমেছে। হরতালে ভ্রমণে আসা পর্যটকেরা ঘোরাফেরার সুযোগ পেলে এই অবস্থা হতো না। ব্যবসার স্বার্থে কক্সবাজারে হরতাল শিথিল রাখা উচিত। কারণ, কক্সবাজারে সব দলের নেতাদের ব্যবসা-বাণিজ্য রয়েছে। জাহাজ চলাচল বন্ধ: পর্যটক শূন্যতার কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ছয়টি জাহাজের মধ্যে এখন একটি জাহাজ (কেয়ারি সিন্দাবাদ) চলাচল করছে।ফারহান ক্রুজ জাহাজের পরিচালক ও বে অব বেঙ্গল গ্রুপের নির্বাহী প্রধান তোফায়েল আহমদ জানান, হরতালসহ দেশব্যাপী তাণ্ডব ও সহিংসতার ঘটনায় পর্যটকেরা কক্সবাজার ভ্রমণে আসছেন না। সেন্ট মার্টিন যাওয়ারও লোক নেই। যে কারণে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। তা ছাড়া টানা এক মাস বন্ধের পর মার্চের শুরু থেকে ফারহান ক্রুজ চালু করা হলেও পর্যটক না থাকায় প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ হাজার টাকার লোকসান গুনতে হচ্ছে। এলটিসি কুতুবদিয়া ও কাজল জাহাজের পরিচালক আবদুর রহমান বলেন, ‘পর্যটনের ভরা মৌসুমে টানা হরতাল এবং সংঘাতময় পরিস্থিতিতে আমাদের ব্যবসা-বাণিজ্যে ব্যাপক ক্ষতি করছে। পর্যটনশিল্পের উন্নয়নে কক্সবাজারকে হরতালের আওতামুক্ত রাখা উচিত।’