
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরে ধসে পড়া বেইলি সেতু এখনো মেরামত করা হয়নি। এ কারণে বন্ধ রয়েছে রামু-নাইক্ষ্যংছড়িসহ কয়েকটি সড়কে সরাসরি যানবাহন চলাচল। দুর্ভোগে পড়েছে লক্ষাধিক মানুষ। গত ২৩ জুলাই কাঠভর্তি ট্রাক পারাপারের সময় বেইলি সেতুটি ধসে পড়ে।
এদিকে সেতুটি ধসে পড়ার ১৩ দিন পর স্থানীয় বিদ্যালয়ের ছাত্ররা ভাঙা সেতুর পাশে নদী পারাপারের জন্য বাঁেশর একটি সাঁকো তৈরি করে। এই সাঁকো দিয়ে মানুষের যাতায়াত বেড়ে যাওয়ায় সেটিও নড়বড়ে হয়ে পড়েছে।
স্থানীয় একটি বিদ্যালয়ের ছাত্র ইব্রাহিম শাকিব ও আবদুল্লাহ জানায়, সেতুটি ধসে পড়ার পর নারী ও শিশু-কিশোরদের ঝুঁকি নিয়ে নদী পারপার হতে দেখে তারা চাঁদা তুলে বাঁশের সাঁকোটি তৈরি করে দিয়েছে। সেতুটি ধসে পড়ায় রামু-নাইক্ষ্যংছড়ি ও গর্জনিয়া-বাইশারী বাজার সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় লোকজন জানান, ভেঙে যাওয়া সেতুর ওপর দিয়ে প্রতিদিন নাইক্ষ্যংছড়ি, বাইশারী, দোছড়ি, রামু উপজেলার ফুলতলী, তুলাতলী, ফাক্রিকাটা, মৌলভীরকাটা, হাজিরপাড়া, তিতারপাড়া, বড়জামছড়ি, চাকমারকাটা, গর্জনিয়া, কচ্ছপিয়া, নারিকেলবাগান, নাপিতেরচর, সিকদারপাড়া, মাঝিরকাটা, জুমছড়ি, বড়বিল, ঢাকভাঙা, ডেঙ্গারচরসহ শতাধিক গ্রামের দুই লক্ষাধিক মানুষ যাতায়ত করে। সেতুর মাত্র ৫০ গজের মধ্যে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩১ ব্যাটালিয়ন সদর। রয়েছে বহু শিক্ষাপ্রতিষ্ঠান। সরাসরি যানচলাচল বন্ধ থাকায় শিক্ষার্থী ও স্থানীয় লোকজনকে ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হচ্ছে। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে স্রোতের টান বেড়ে গেলে যাত্রী পারাপারও বন্ধ থাকে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, বান্দরবান সওজ বিভাগের তত্ত্বাবধানে ১৯৮৭ সালের দিকে নাইক্ষ্যংছড়ি খালের ওপর এই বেইলি সেতু নির্মাণ করা হয়। সংস্কারের অভাবে সেতুটি ঝুঁকিপূর্ণ হলে মালবোঝাই ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়। কিন্তু যাতায়াতের বিকল্প সড়ক না থাকায় নিষেধাজ্ঞা অমান্য করে সেতুর ওপর দিয়ে কাঠ, বালু, ইট, পাথর ও তামাকবোঝাই ট্রাক চলাচল করে আসছিল। গত ২৩ জুলাই বিকেল সাড়ে চারটার দিকে কাঠবোঝাই একটি ট্রাক পারাপারের সময় সেতু ভেঙে নদীতে ধসে পড়ে। এ সময় ট্রাকের সাহায্যকারীসহ আট শ্রমিক আহত হন। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর কাঠসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল আলম বাদী হয়ে ট্রাকের চালক উখিয়ার বালুখালী গ্রামের মুজিবুর রহমানের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
সেতু মেরামত প্রসঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাইল আহমদ বলেন, নদীর ওপর নতুন করে আরেকটি সেতু নির্মাণের পরিকল্পনা চলছে। তার আগে লোক চলাচলের জন্য দ্রুত আরেকটি বিকল্প সেতু তৈরির করা হবে।
সওজ বিভাগের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী ফজলুল হক বলেন, ভাঙা সেতুটি সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে।