ধসে পড়া কালভার্ট সংস্কার হয়নি এক মাসেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী-চালিয়াতলী সড়কে ধসে পড়া কালভার্ট গত এক মাসেও সংস্কার হয়নি। ভাঙা কালভার্টের ওপর দিয়ে ঝঁুকি নিয়ে চলাচল করছেন স্থানীয় লোকজন।
সরেজমিনে দেখা যায়, মাতারবাড়ী-চালিয়াতলী চার কিলোমিটার সড়কের মাঝখানে ধারাখালের পশ্চিম পাশের ধসে পড়া কালভার্টটি পড়ে আছে। পাশে মাটি ও বালুর বস্তা দিয়ে একটি বিকল্প সড়ক তৈরি করা হচ্ছে। এর মধ্যেই বেশ কিছু বালুর বস্তা পানিতে ধসে পড়ছে। কালভার্টের দক্ষিণ পাশে শতাধিক বালুর বস্তা পড়ে থাকলেও সড়ক নির্মাণকাজে কোনো শ্রমিককে দেখা যায়নি।
মাতারবাড়ীর সিকদারপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলমগীর বলেন, গাড়ি যোগাযোগ বিচ্ছিন্ন এক মাস ধরে। ফলে চলাচলে ভোগান্তির শেষ নেই। পা পিছলে পড়ে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা।
মাতারবাড়ীর রাজঘাট এলাকার সিএনজি পরিচালক আব্দু রশিদ বলেন, স্থানীয় ব্যবসায়ীদের মালামাল পরিবহনেও ভোগান্তি বেড়েছে। অতিরিক্ত টাকা খরচ করে মালামাল আনা-নেওয়া করতে হচ্ছে।
স্থানীয় মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম ছমি উদ্দিন বলেন, কালভার্টটি দ্রুত সংস্কার করা জরুরি। কারণ, বৃষ্টি শুরু হলে হেঁটে চলাচলও বন্ধ হয়ে যাবে।
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আপাতত জনগণ হেঁটে চলাচল করার জন্য চার লাখ টাকা ব্যয়ে বিকল্প একটি রাস্তা তৈরি করা হয়েছে। কয়েক দিনের মধ্যে ওই রাস্তাটি চালু হবে। কিন্তু পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় কালভার্ট সংস্কার করা সম্ভব হয়নি। তাই সড়ক ও কালভার্ট সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি কালভার্টটি ধসে পড়ে।