কক্সবাজারের পেকুয়া উপজেলার কাটাফাঁড়ির ধসে পড়া বেইলি সেতুটি চার মাসেও মেরামত করা হয়নি। বন্ধ রয়েছে মগনামা-উজানটিয়া সড়কে যান চলাচল। দুর্ভোগ পোহাচ্ছে পেকুয়া ও কুতুবদিয়া উপজেলার অন্তত তিন লাখ মানুষ।স্থানীয় লোকজন জানান, গত বছরের ৬ সেপ্টেম্বর ভোরে অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাক সেতুটি পার হওয়ার সময় নদীতে ধসে পড়ে। এর পর থেকে সেতুটি পড়ে আছে। স্থানীয় লোকজন সেতুর পাশে বাঁশের একটি সাঁকো তৈরি করে চলাচল করছে।মগনামার লবণ ব্যবসায়ী তোফাইল আহমদ বলেন, বন্যার কারণে গত বছর লবণ পরিবহন করা যায়নি। এখন ভাঙা সেতুর কারণে সড়কপথে পরিবহন বন্ধ। সমুদ্রপথে কার্গো বোঝাই করে লবণ সরবরাহ দিতে খরচ যাচ্ছে দ্বিগুণ।জানা যায়, কুতুবদিয়া, মগনামা ও উজানটিয়ার ব্যবসায়ীরা পেকুয়া-চকরিয়া কিংবা চট্টগ্রাম থেকে মালামাল পরিবহন করেন এই সেতু দিয়ে। তা ছাড়া সেতুটি ধসে পড়ায় স্থানীয়ভাবে উৎপাদিত লবণ ও চিংড়ি পরিবহনে সমস্যায় পড়ছেন চাষিরা। কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল গ্রামের ব্যবসায়ী বাবুল আহমদ বলেন, এই উপজেলার প্রায় দুই লাখ মানুষ এই সেতু দিয়ে পেকুয়া হয়ে কক্সবাজার ও চট্টগ্রামে যাতায়াত করে। কিন্তু চার মাস ধরে ভাঙা সেতুটি মেরামত না করায় লোকজনের ভোগান্তির শেষ নেই।উজানটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম শহিদুল ইসলাম বলেন, প্রতিদিন গড়ে ৫০ হাজার মানুষ বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে। ইতিমধ্যে সাঁকোটিও নড়বড়ে হয়ে পড়েছে। এটি ভেঙে গেলে লোকজনের যোগাযোগ একেবারে বন্ধ হয়ে যাবে।মগনামা ইউপির চেয়ারম্যান শহিদুল মোস্তফা বলেন, চার মাস ধরে ভাঙা সেতুটি নির্মাণের চেষ্টা করছি। কিন্তু সড়ক বিভাগের সাড়া মিলছে না।এ প্রসঙ্গে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সংশ্লিষ্ট উপ-প্রকৌশলী আবদুল মতলব বলেন, ভাঙা সেতুটি মেরামতের জন্য প্রায় ৩২ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। শিগগির সেতুর মেরামতকাজ শুরু করা হবে।