ধসে পড়ার ঝুঁকিতে সমিতিরহাট ইউপি কার্যালয়
ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) পুরোনো জরাজীর্ণ ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ইউপির কর্মকর্তা, কর্মচারী ও নির্বাচিত জনপ্রতিনিধিরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার সমিতিরহাট বাজারের পাশে ১০ শতক জায়গার ওপর প্রতিষ্ঠিত পাঁচ কক্ষের এই ভবন ১৯৭৫ সালের ১ জুলাই উদ্বোধন করা হয়। বর্তমানে পুরো ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে প্রায় প্রতিদিনই। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র ভিজে যায়।
ইউপির সচিব মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘সম্প্রতি ছাদের পলেস্তারা খসে আমার টেবিলের ওপর পড়ে। ভাগ্য ভালো ছিল, তখন আমি সেখানে ছিলাম না। ভবনটি অনেক পুরোনো। এখানে বসে কাজ করতে ভয় লাগে।’
ইউপি সদস্য মো. আবুল কালাম বলেন, ভবনটি এখন পরিত্যক্ত ঘোষণা করা প্রয়োজন। কখন ছাদ ধসে পড়বে, এ ভয় নিয়ে কাজ করা কষ্টকর। সালিস-বিচার করার কক্ষে ছাদের আস্তরণ খসে পড়েছে।
ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নুরুল ইসলাম বলেন, ভবনটি অনেক পুরোনো, ছাদ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে ওই ভবনের সব কক্ষেরই ছাদ থেকে পানি পড়ে। ভবনটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইউপি ভবন নির্মাণের জন্য নির্দিষ্ট পরিমাণ জায়গার দরকার। জায়গা–সংকটের কারণে বরাদ্দ পাওয়া যাচ্ছে না। তাই ব্যবহারের অনুপযোগী ওই ভবনে ঝুঁকি নিয়ে কার্যক্রম চালাতে হচ্ছে। বর্তমানে নতুন ভবনের জন্য জায়গা খোঁজা হচ্ছে।
ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, জমি পেলে শিগগিরই নতুন ভবন নির্মাণের কাজ শুরু করা হবে।