এসএসসিতে ‘এ’ প্লাস পেলাম। পরিবারের ইচ্ছা অনুযায়ী শহরের কলেজে ভর্তিও হলাম। শুরু হলো মেসের জীবন। লাল রঙের সুন্দর একটা বাড়ি আমাদের মেস। ওপরতলায় মালিক আর নিচতলায় আমরা। মেসের সংবিধানের হাফ ডজন শর্তের মধ্যে দুটি অবশ্যপালনীয়।এক. ফ্ল্যাটের প্রধান গেটে উঁকি মারা যাবে না। দুই. এ বাড়িতে ছাদ আছে, মাথা থেকে বিষয়টি ছেঁটে ফেলতে হবে।নো প্রবলেম। এ-জাতীয় শর্তে আমি এক পায়ে রাজি। কারণ, এসব ব্যাপার আমার ক্ষেত্রে আউট অব সিলেবাস। অল্প কয়েক দিনে আমার ব্যবহারে মেসের সিনিয়র ভাইয়েরা বেজায় খুশি। কিন্তু সমস্যায় পড়লাম দৈবার্যা নামক ব্যাপারটা নিয়ে। যার জন্য এত সব কড়াকড়ি, আসা-যাওয়ার পথে দিনে একাধিকবার তার সঙ্গে দেখা হয়ে যেত। ভাবলাম, এই বুঝি আইন লঙ্ঘনের কেসে পড়ি। তার পর থেকে আশপাশে দেখে চলা শুরু করলাম। অল্প কয়েক দিন পর এইচএসসি ফাইনাল। তাই কানে তুলো দিয়ে পড়ালেখায় ডুবে গেলাম। সেদিন সকালবেলা কী যেন আনতে বাইরে গিয়েছিলাম। গেটে এসে দেখি, মেয়েটি তালা খুলছে। আমি যথারীতি আলোর গতিতে একটু দূরে সরে গেলাম। কয়েক সেকেন্ড পর সে বলল, ‘প্লিজ, তালাটা একটু খুলে দিন না।’ ভয় ও আবেগে রক্তচাপটা মনে হলো নব্বইয়ের ওপরে চলে গেল। মাথা নিচু করে তালাটা খুলে দিলাম। মেয়েটা চলে গেল। নিচে তাকাতেই দেখি, একটা প্যাকেট পড়ে আছে। ভয়ে প্রথমে নিতে চাইনি, কিন্তু পরে কী যেন ভেবে প্যাকেটটা নিয়ে মেসের দায়িত্বরত বড় ভাইকে দিয়ে দিলাম। এরপর আর কিছু জানি না। মেসে আমার সিট বাতিল। সামনে পরীক্ষা। কী যে বিপদে পড়লাম! অনেক কান্নাকাটি করেও সিটটা ফেরত পাইনি। অথচ সিট বাতিলের কারণও জানানো হলো না।পরে বন্ধুর মেসে থেকে পরীক্ষা দিয়েছি। এখন আমি ইউনিভার্সিটিতে পড়ি। পাঁচ মাস আগে ওই মেয়ের এক বড় ভাইয়ের সঙ্গে দেখা। তিনি বললেন ঘটনাটা। আসলে ওই মেয়েটা নাকি প্যাকেটটায় আমাকে পছন্দপত্র দিয়েছিল।মো. আবু বকর সিদ্দিক