ধান কাটা উপলক্ষে খাগড়াছড়িতে কৃষক সমাবেশ
বোরো মৌসুমের ধান কাটা উপলক্ষে খাগড়াছড়ি সদরের খবংপড়িয়া গ্রামে গত বুধবার বিকেলে ব্যতিক্রমী কৃষক সমাবেশ ও ধান কাটা উৎসব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা ও বিজ্ঞানীরা।সমাবেশের শুরুতে অতিথি ও কৃষকেরা মাঠে গিয়ে ধান কাটেন। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সবশেষে কৃষকেরা অতিথিদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন।সভায় কৃষিবিদেরা কৃষকদের কম কীটনাশক ও সার ব্যবহারের পরামর্শ দেন। পাশাপাশি ভূপৃষ্ঠের পানির ব্যবহার বাড়ানো, উন্নত জাতের বীজ ব্যবহার ও প্রাকৃতিক উপায়ে কীটপতঙ্গ দমনের আহ্বান জানান।পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্র খাগড়াছড়ির আয়োজনে মাঠ দিবস উপলক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিভাবসু দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মহব্বত উল্লাহ, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা আবদুল মতিন, যশোবন্ত দেওয়ান ও স্থানীয় কৃষকেরা।সমাবেশে বিজ্ঞানী মহব্বত উল্লাহ বলেন, খবংপড়িয়া গ্রামের ফসলি মাঠের আয়তন ২০০ কানি। এ মাঠে গত বোরো মৌসুমে মাত্র ১২-১৫ কানি জমিতে চাষ হয়েছিল। এ বছর পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের উদ্যোগে দুই লাখ টাকা খরচ করে সেচযন্ত্র, পাকা নালা ও বাঁধ নির্মাণ করা হয়েছে। এতে ৬০ কানি জমিতে ধান চাষ করা সম্ভব হয়েছে। চাষাবাদের জন্য দুই লাখ টাকা খরচ করা হলেও এক বছর এই মাঠ থেকে ছয় লাখ টাকার ধান উৎপাদন সম্ভব হবে।কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘খাগড়াছড়িতে চাষাবাদের অনেক জমি পতিত থাকে। কিছু উদ্যোগ নিলে একফসলি জমিকে তিনফসলি জমিতে পরিণত করা সম্ভব। পার্বত্য জেলা পরিষদ কৃষকদের সহযোগিতার জন্য ভবিষ্যতে আরও প্রকল্প হাতে নেবে। ছোট ছোট প্রকল্প গ্রহণ করা হবে, যাতে কৃষকেরা সহজে উপকার ভোগ করতে পারেন।’