ধানগাছে পোকা দিশেহারা চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় আমন খেতে মাজরা পোকা ও খোলপচা রোগের সংক্রমণ দেখা দিয়েছে। তার ওপর ধানের থোড় আসছে না ঠিকমতো। ফলে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। এবার চাষে ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।সাবরাং ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের কৃষক নবী হোসাইন বলেন, ‘৪০ হাজার টাকার বিনিময়ে দুই একর জমিতে ধান চাষ করেছিলাম। এখন খেতে খোলপচা ও মাজরা পোকার সংক্রমণ দেখা দিয়েছে। তার ওপর বৃষ্টি না হওয়ায় ধানের থোড়ও আসতে দেরি হচ্ছে । এ মুহূর্তে সেচ দেওয়ার মতো টাকাও নেই। জানি না কি করব।’ উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি মৌসুমে ১০ হাজার ৮২২ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আরও পাঁচ শ হেক্টরের বেশি জমিতে চাষ করা হয়েছে। গত বছর ১০ হাজার ৫২৩ হেক্টর জমিতে ২৫ হাজার নয় শ ৫০ মেট্রিক টন ধান উৎপাদিত হয়েছিল। চলতি মৌসুমে ৩০ হাজার পাঁচ শ মেট্রিক টন আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু খোলপচা ও মাজরা পোকার সংক্রমণের কারণে লক্ষ্যমাত্রা অর্জনে সংশয় দেখা দিয়েছে। উপজেলার সদর ইউনিয়নের ডেইলপাড়া গ্রামের কৃষক মো. জলিল জানান, তিনি চলতি মৌসুমে তিন একর (সাড়ে সাতকানি) জমিতে আমন আবাদ করেছেন। এখন অধিকাংশ গাছ রোগাক্রান্ত হয়ে পড়েছে। হ্নীলা ইউনিয়নের আলীখালী গ্রামের কৃষক নজির আহমদ বলেন, খেতে মাজরা পোকা আক্রমণ করেছে। কীটনাশক কিনে এনে জমিতে ছিটানোর পরও পোকা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তা শেখ জামাল উদ্দিন বলেন, চাষিরা কৃষি বিভাগের সঙ্গে কোনো পরামর্শ না করে কীটনাশক প্রয়োগ করছেন। সেই সুযোগে হাটবাজারগুলোতে ভেজাল কীটনাশক বিক্রি বেড়েছে। চাষিরা এসব কীটনাশক প্রয়োগ করে আরও বিপদ ডেকে আনছেন। কৃষি কর্মকর্তা মো. আব্দুল লতিফ বলেন, অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং নিম্নমানের বীজের কারণে খেতে মাজরা পোকা আক্রমণ করে।