ধানি জমিতে অটোরিকশা!

ধুলা উড়িয়ে সারি সারি অটোরিকশা ও টেম্পো চলছে ধানি জমির ওপর দিয়ে। চট্টগ্রামের কর্ণফুলী থানার ফকিরনীর হাট এলাকায় দুই সপ্তাহ ধরে এমন দৃশ্য চোখে পড়ছে। এতে ধুলাবালু ও শব্দদূষণে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরাও।
ফকিরনীর হাট এলাকার লোকজন ও যানবাহনের চালকেরা জানান, পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়ক দিয়ে চলাচলকারী এসব যানবাহন চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জারটেক যাওয়ার পথে এভাবে ধানি জমিতে নেমে আসছে। ওই এলাকায় একটি গ্রামীণ সড়ক বন্ধ থাকায় যানবাহনগুলো এমন পথে চলছে বলে দাবি করেন চালকেরা।
ফকিরনীর হাট এলাকার বাসিন্দা নুরুল আবছার বলেন, জমিগুলোতে এখন বোরো চাষ হওয়ার কথা। কিন্তু সেচের অভাবে এবার জমিতে চাষ হয়নি। আর ওই জমিতে এখন চলছে যানবাহন। এতে ধুলাবালুর অত্যাচারের পাশাপাশি শব্দদূষণে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী।
যানবাহনচালকেরা জানান, মহাসড়কের ওপর দিয়ে তিন চাকার অটোরিকশা চলাচলে বিধিনিষেধ থাকায় কর্ণফুলী থানার ফকিরনীর হাট হয়ে বিকল্প পথে চলছিল দক্ষিণ চট্টগ্রামের অটোরিকশাগুলো। কিন্তু ওই সড়কটির সংস্কারকাজ শুরু হলে দুই সপ্তাহ ধরে অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলছে ধানি জমির ওপর দিয়ে। জমির ওপর দিয়ে যান চলার কারণে ধুলাবালির অত্যাচার সইতে হচ্ছে চালক ও যাত্রীদেরও।
জানা গেছে, মহাসড়কে তিন চাকার অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা আসার পর আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ ও পেকুয়া উপজেলার অটোরিকশাগুলো শিকলবাহা ওয়াই জংশন পর্যন্ত যাওয়ার পর আটকে পড়ে। ওয়াই জংশন থেকে চৌমুহনী পর্যন্ত এক কিলোমিটারের অংশটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আওতাভুক্ত। ফলে যানবাহনগুলো শিকলবাহা ওয়াই জংশন দিয়ে না গিয়ে ফকিরনীর হাটের গ্রামীণ সড়কের ভেতর দিয়ে চৌমুহনী হয়ে মইজ্জারটেকে যাতায়াত করত। কিন্তু দুই সপ্তাহ ধরে ফকিরনীর হাট এলাকার ওই গ্রামীণ সড়কে সংস্কারকাজ চলতে থাকায় যানবাহনগুলো ধানি জমির ওপর দিয়ে চলছে।
উপজেলার হাসপাতাল মোড়ের অটোরিকশা চালক রাশেদ উদ্দিন (৩১) বলেন, ‘মহাসড়কে আমাদের গাড়ি আটকাচ্ছে হাইওয়ে পুলিশ। অন্যদিকে বিকল্প সড়কটিও বন্ধ। তাই এ অবস্থায় আমরা পড়েছি মহাবিপদে। এ কারণে জমির ওপর দিয়ে গাড়ি চালাতে বাধ্য হচ্ছি আমরা।’
আনোয়ারার বিদ্যালয় শিক্ষক পিংকু পালিত প্রথম আলোকে বলেন, ‘ধানি জমির ওপর দিয়ে যান চলার সময় পুরো শরীর ধুলায় ভরে যাচ্ছে। জানি না এ কষ্টের শেষ কবে হবে।’
জানতে চাইলে আনোয়ারা অটোচালক সমিতির সভাপতি নুরুল আলম বলেন, ‘আমাদের সমস্যা দেখার কেউ নেই। দুই সপ্তাহ ধরে দক্ষিণ চট্টগ্রামের চার উপজেলার অটোচালকেরা বিলের ওপর দিয়ে (ধানি জমি) গাড়ি চালালেও কারও মাথাব্যথা নেই।’