ধানি জমিতে দুই নেতার ইটভাটা
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং গ্রামে ধানি জমিতে ইটভাটা তৈরি করছেন আওয়ামী লীগের দুই নেতা। ভাটা তৈরির আগে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসন থেকে অনুমতিপত্র (লাইসেন্স) নেওয়া বাধ্যতামূলক হলেও এ ক্ষেত্রে তা করা হয়নি। এ নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। একটি পক্ষ লোকালয়ের পাশে ধানি জমিতে ইটভাটা নির্মাণের বিরোধিতা করছেন। উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মাহমুদুল হক চৌধুরী বলেন, ‘আইনের তোয়াক্কা না করে হলদিয়া পালং ইউনিয়নে রুমকা গ্রামের ধানি জমিতে দুটি ইটভাটা নির্মাণ করছেন জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক শাহ আলম চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাক আহমদ। ইটভাটা দুটি স্থানীয় রুমকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘনবসতিপূর্ণ এলাকা ও বন বিভাগের সামাজিক বনায়নের ২০০ গজের মধ্যে। এখানে ইটভাটা নির্মাণ করা হলে কোমলমতি শিক্ষার্থীসহ সাধারণ মানুষের স্বাস্থ্যহানি ঘটবে। পাশাপাশি সংরক্ষিত বনাঞ্চল উজাড় ও জীববৈচিত্র্য ধ্বংসের আশঙ্কা রয়েছে।মাহমুদুল হক জানান, স্থানীয় লোকজন এই ইটভাটার নির্মাণকাজ বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছেন। তাঁরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রধানমন্ত্রী বরাবরেও স্মারকলিপি দিয়েছেন। কিন্তু এর পরও ইটভাটার নির্মাণকাজ চলছে।গত শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশাল ধানি জমিতে ভাটা ও অন্যান্য স্থাপনা তৈরির জন্য ইট মজুদ করা হয়েছে। ১০ থেকে ১২ জন শ্রমিক মাটি খুঁড়ে ইট দিয়ে স্থাপনা তৈরির কাজ করছেন। দুটি ইটভাটা পাশাপাশি হওয়ায় বিপুল পরিমাণ জমি ভাটার দখলে চলে যাচ্ছে। ফলে আশপাশের জমিতে যাঁরা ধান রোপণ করেছেন, তাঁরাও আতঙ্কিত হয়ে পড়েছেন। স্থানীয় চাষি গোলাম বারী (৪৫) বলেন, এই জমিতে ইটভাটা হলে আশপাশের জমিতে ধান চাষ বন্ধ হয়ে যাবে। তখন শত শত চাষি বেকার হয়ে পড়বেন। ইটভাটা নির্মাণের বিরুদ্ধে স্থানীয় চাষিরা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পরিবেশ অধিদপ্তরে আপত্তিপত্র দিয়েছেন।স্থানীয় লোকজন জানান, দুটি ইটভাটা তৈরির জন্য প্রায় ১৫ একর ধানি জমি ঘিরে রাখা হয়েছে। স্থানীয় চাষিদের কাছ থেকে এই জমি ২০ বছরের জন্য ইজারা নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ইটভাটা তৈরির জন্য পরিবেশ ছাড়পত্রের অনুমতি চেয়ে শাহ আলম চৌধুরী ও মোস্তাক আহমদ আবেদন করেছেন। এর পরিপ্রেক্ষিতে আমরা সরেজমিন অনুসন্ধানও করেছি। কিন্তু স্থানীয় লোকজনের বিরোধিতা আর আন্দোলনের কারণে এ পর্যন্ত ছাড়পত্র দেওয়া সম্ভব হয়নি। আর পরিবেশ ছাড়পত্র না পেলে ইটভাটার বিপরীতে জেলা প্রশাসনও লাইসেন্স দিতে পারে না।’ আবদুল্লাহ আল মামুন আরও বলেন, ‘এক সময় ইটভাটা স্থাপনের পক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদ পরিবেশ অধিদপ্তরে অনাপত্তিপত্র দিলেও এখন সবাই তা প্রত্যাহার করে নিয়েছেন। এমনকি ইটভাটার পাশে থাকা ছয়টি বসতবাড়ির মালিকেরাও এখন ইটভাটার বিরুদ্ধে আপত্তি জানিয়ে দরখাস্ত করেছেন। এ কারণে পরিবেশ ছাড়পত্র দিতে পারছি না। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে অবগত করা হয়েছে।’স্থানীয় হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, ভুল তথ্য দিয়ে দুটি ইটভাটার বিপরীতে অনাপত্তিপত্র সংগ্রহ করা হয়েছিল। ১৬ মে ইউনিয়ন পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে ওই অনাপত্তিপত্র বাতিল করা হয়েছে। এর পরও ইটভাটার নির্মাণকাজ বন্ধ করা না হলে আদালতের আশ্রয় নেওয়া হবে।তিনি আরও বলেন, ইটভাটা নির্মাণের জন্য নিজস্ব রাস্তা তৈরি বাধ্যতামূলক। কিন্তু শাহ আলম চৌধুরী ও মোস্তাক আহমদ সরকারি সড়ক ব্যবহার করে ধানি জমিতে ইটভাটা নির্মাণ করছেন। বর্তমানে ওই সড়কে চলমান প্রায় ৩৮ লাখ টাকা উন্নয়নকাজ ব্যাহত হচ্ছে।ধানি জমিতে ইটভাটা নির্মাণ প্রসঙ্গে জানতে চাইলে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. জহিরুল ইসলাম জানান, অনুমতি ছাড়া ধানি জমিতে ইটভাটার নির্মাণকাজ বন্ধ রাখার জন্য দুই মালিককে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইটভাটা মালিক জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক শাহ আলম চৌধুরী জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ওই জমিতে পরিবেশবান্ধব ইটভাটা তৈরি হচ্ছে। এতে কারও ক্ষতি হওয়ার কথা নয়। কিন্তু একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা লুটার জন্য ইটভাটার বিরুদ্ধে কিছু লোককে লেলিয়ে দিয়েছে। অথচ আশপাশের জমিতে ওই সব নেতারও ইটভাটা রয়েছে। পরিবেশ ছাড়পত্র ছাড়া ইটভাটা তৈরি করা প্রসঙ্গে তিনি বলেন, এখনো মূল ইটভাটা তৈরির কাজ শুরু হয়নি। অন্যান্য স্থাপনার কাজ চলছে। অনুমতি নিয়েই ভাটা তৈরি হবে।অপর ভাটার মালিক মোস্তাক আহমদ জানান, ‘আওয়ামী লীগের একজন প্রভাবশালীর ইন্ধনে কতিপয় নেতা এই ইটভাটাবিরোধী আন্দোলন করছেন। বৈধ পন্থায়, পরিবেশবান্ধব ইটভাটা আমরা তৈরি করতে না পারলে অন্যদের ভাটার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।’