ধানি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমির উপরিভাগের (টপসয়েল) উর্বর মাটি যাচ্ছে ইটভাটায়। এতে জমির উর্বরা শক্তি হারিয়ে যাচ্ছে। জমিতে কমে যাচ্ছে ফসলের উৎপাদন। সচেতনতার অভাব এবং টাকার লোভে জমির মালিকেরা এভাবে মাটি বিক্রি করে দিচ্ছেন বলে জানা গেছে। উদ্ভিদ বিশেষজ্ঞদের মতে, এভাবে একবার জমির উপরিভাগের মাটি কাটা হলে তা পূরণ হতে এবং উর্বরা শক্তি ফিরে আসতে কয়েক বছর সময় লাগে।উপজেলার জামিজুরি, সাতবাড়িয়া, হাশিমপুর, বরকল, পূর্ব এলাহাবাদসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, জমির উপরিভাগ থেকে দুই-তিন ফুট করে মাটি কেটে ট্রাক ভর্তি করে বিভিন্ন ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক জামিজুরি গ্রামের একজন জমির মালিক দিল মোহাম্মদ জানান, ধান কিংবা অন্য কোনো ফসলের চাষ করতে যে সময় ও টাকা খরচ হয় অনেক সময় তা পুরোপুরি উঠে আসে না। অথচ ৪০ শতক জমির মাটি বিক্রি করে বিনা শ্রমে ৪০ হাজার টাকা পাওয়া যায়। এভাবে কম সময় ও বিনা খরচে বেশি টাকা আয়ের লোভে অনেকে ধানি জমির মাটি বিক্রি করে দিচ্ছেন। জানা যায়, চন্দনাইশে প্রায় ৩০টি ইটভাটা রয়েছে। একটি ইট ভাটার কারিগর জানান, ইট তৈরির কাজে ধানি জমি ও পাহাড়ের মাটি ব্যবহার করা হয়। বিশেষ করে ভাটা থেকে দূরত্ব এবং পরিবহন খরচের বিষয় বিবেচনা করে ধানি জমির মাটি বেশি সংগ্রহ করা হয়। উপজেলা উদ্ভিদ বিশেষজ্ঞ নৃপতি কান্তি দত্ত জানান, জমির উপরিভাগের নয় থেকে ১২ ইঞ্চি পর্যন্ত মাটিতে খাদ্যকণা থাকে। ওই মাটি তুলে নেওয়ার ফলে জমির উর্বরতা শক্তি কমে যায়। এ রকম মাটিতে কয়েক বছর ধরে ফলনও হয় কম। উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, ‘সচেতনতার অভাব এবং টাকার লোভে জমির উপরিভাগের মাটি বিক্রি করে দিচ্ছেন। এতে তাঁরা নিজেদের অজান্তে নিজেদেরই ক্ষতি করছেন।’ তিনি বলেন, ‘নানাভাবে বোঝানোর পরও অনেকে তাঁদের জমির মাটি বিক্রি করে দিচ্ছেন।’ পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিদর্শক জাফর আলম প্রথম আলোকে বলেন, ‘জমির মাটি বিক্রির ব্যাপারে আইনগত বাধা নেই। তবে ইটভাটার মালিকদের ইট তৈরিতে ফসলি জমির মাটি ব্যবহার না করার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি কৃষকদেরও জমির এ রকম মাটি বিক্রির ক্ষতি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।’