ধানের বীজতলা তৈরি করতে পারেননি শতাধিক কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার শতাধিক কৃষক মৌসুমের শেষ পর্যায়ে এসে বীজ-সংকটের কারণে বীজতলা তৈরি করতে পারেননি। পরিবেশকেরা জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় থেকে এ বছর উপজেলায় চাহিদার তুলনায় অর্ধেক বীজ সরবরাহ করা হয়েছে। ফলে কৃষকেরা বোরোর বীজতলা তৈরি করতে পারেননি।উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও পরিবেশক সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় প্রায় পাঁচ শ কৃষক বোরোর বীজতলা তৈরির প্রস্তুতি নেন। এ জন্য জমিতে প্রাথমিক কাজও শেষ করেন তাঁরা। এ অঞ্চলে বোরো ব্রি-২৮ ধানের চাহিদা রয়েছে প্রায় ২০ মেট্রিক টন (দুই হাজার বস্তা)। বিএডিসির অনুমোদিত পরিবেশক উখিয়া সদরের মেসার্স ছয়তারা এন্টারপ্রাইজের মো. শাহ জাহান, জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়ার নুরুল কাদের ও রত্নাপালং ইউনিয়নের কোটবাজারের রঞ্জিত বড়ুয়া জানান, তাঁরা প্রত্যেকে গত নভেম্বরে বিএডিসির চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় থেকে সাড়ে তিন মেট্রিক টন করে মোট সাড়ে ১০ মেট্রিক টন ব্রি-২৮ ধানের বীজের সরবরাহ পান। কিন্তু এখানে এর দ্বিগুণ চাহিদা রয়েছে। অন্যদিকে বিএডিসি কর্তৃপক্ষ ব্রি-২৮ ধানের বীজের সঙ্গে তিন পরিবেশককে সাড়ে চার টন ব্রি-২৯-১৪ ধানের বীজ বাধ্যতামূলক সরবরাহ দেয়। কিন্তু কৃষকেরা এসব বীজ নিতে রাজি না হওয়ায় বর্তমানে তা গুদামে পড়ে আছে। রাজাপালং ইউনিয়নের হিজলিয়া গ্রামের কৃষক ছৈয়দ হোছেন ও ডেইলপাড়ার আবদুল মাজেদ জানান, ‘তাঁরা ব্রি-২৮ ধানের বীজ ছাড়া অন্য বীজ দিয়ে বীজতলা তৈরিতে অভ্যস্ত নন। রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া গ্রামের কৃষক বিপিন বড়ুয়া ও পালংখালীর রশিদ আহমদ বলেন, ‘ব্রি-২৮ ধানের বীজের অভাবে আমরাসহ শতাধিক কৃষক বীজতলা তৈরি করতে পারিনি। ফলে কয়েকশ একর জমিতে এ বছর বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।’ উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইউসুফ ভুঁইয়া বলেন, ‘এখানকার অধিকাংশ কৃষক ব্রি-২৮ ধানের বীজ দিয়ে বীজতলা তৈরি করেন। ওই জাতের বীজ সরবরাহ কম হওয়ায় উপজেলার শতাধিক কৃষক বীজতলা তৈরি করতে পারেননি। বিএডিসি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে আগামী বছর বোরো মৌসুমে চাহিদা অনুযায়ী ব্রি-২৮ ধানের বীজ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করব।’ প্রসঙ্গত, এ বছর উখিয়ায় অতিবৃষ্টির ফলে আমন চাষাবাদ ও ধান উঠে দেরিতে। তাই বোরোর বীজতলা তৈরিও দেরিতে শুরু হয়।বিএডিসি চট্টগ্রামের উপপরিচালক মো. ইব্রাহীম বলেন, ‘আমাদের কাছে বীজ ছিল, কিন্তু পরিবেশকেরা চাহিদা অনুযায়ী বীজ চায়নি বলে দেওয়া হয়নি। ভবিষ্যতে বিষয়টি মনে রাখা হবে।’