ধাপগুলো পেরোতে হবে একে একে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না—সেই-যে আমার নানা রঙের দিনগুলি।’ছাত্রজীবনকে সবাই সোনালি দিন মনে করেন। প্রায়ই শোনা যায়, হায় রে! ছাত্রজীবন, সেই বরং ভালো ছিল। কর্মজীবনে পা দেওয়া মানে নতুন জীবনে ঢোকা। নতুন এই জীবনে আপনি যদি বিসিএস অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রথম শ্রেণীর ক্যাডার হতে পারেন, তবে উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি পেতে পারেন অপেক্ষাকৃত নিরুদ্বিগ্ন জীবনের হাতছানি। কিন্তু বিসিএস ক্যাডার হওয়া তো ছেলের হাতের মোয়া নয়। যোগ্যতার মাপকাঠিতে যাচাই-বাছাইয়ের পর তবেই তো বিসিএস ক্যাডার হওয়া। আর এ জন্য আপনাকে একে একে চারটি বৈতরণী পাড়ি দিতে হবে।প্রথম ধাপ প্রিলিমিনারিস্নাতক পরীক্ষা দিয়েই একজন প্রার্থী বিসিএস পরীক্ষা দিতে পারেন। স্নাতক পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। তবে ন্যূনতম দ্বিতীয় বিভাগে পাস করবেন, এমন নিশ্চয়তা থাকা চাই। প্রিলিমিনারি হলো প্রাথমিক যাচাই-বাছাইয়ের পরীক্ষা। নৈর্ব্যক্তিক পদ্ধতিতে এ পরীক্ষা হয়ে থাকে। ২৮তম বিসিএসে কর ক্যাডারের জন্য মনোনীত আবদুল আলীম বলেন, বিসিএস প্রিলিমিনারির জন্য অনেকে শুধু সাধারণ জ্ঞানের ওপর গুরুত্ব দিয়ে থাকেন। কিন্তু বিষয়টি ভ্রান্ত। মূলত পাঁচটি বিষয় থেকে প্রিলিমিনারির নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো হয়ে থাকে। বাংলা থেকে ২০টি, ইংরেজি থেকে ২০, সাধারণ জ্ঞান থেকে ৩০, সাধারণ বিজ্ঞান থেকে ২০ এবং গণিত থেকে ১০টি। মোট ১০০ নম্বরের জন্য নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকে ১০০টি। নির্ধারিত সময় থাকে এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর হলেও প্রতিটি ভুল উত্তরের কারণে অর্ধেক অর্থাৎ শূন্য দশমিক ৫ করে কাটা যাবে। ২৭তম বিসিএসের প্রশাসনিক ক্যাডার বজলুর রশিদ বলেন, একটি উত্তর ভুল করা মানে প্রতিযোগিতা থেকে অনেক পিছিয়ে যাওয়া। কারণ ভুল উত্তরের কারণে প্রার্থী কোনো নম্বর তো পাবেনই না, উপরন্তু তাঁর অর্জিত নম্বর থেকে শূন্য দশমিক ৫ করে কাটা যাবে। অর্থাৎ অন্যদের চেয়ে দেড় নম্বরের ব্যবধানে পিছিয়ে যাবেন তিনি শুধু একটি ভুলের কারণে। যেখানে ভগ্নাংশের ব্যবধানে নির্ধারণ করা হয় নির্বাচিতদের ক্রমতালিকা।গোল ভরাটের ধাপ পেরিয়ে গেলেই দ্বিতীয় ধাপটি হচ্ছে লিখিত পরীক্ষা। ৯০০ নম্বরের পরীক্ষায় বাংলা ও ইংরেজি দুই পত্র মিলিয়ে ৪০০ এবং বাংলাদেশ বিষয়াবলি প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে ২০০ নম্বর। এ ছাড়া আন্তর্জাতিক বিষয়াবলি থেকে ১০০, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি থেকে ৫০+৫০=১০০ এবং গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতায় ৫০+৫০=১০০ নম্বর। এই মোট ৯০০ নম্বরের পরীক্ষা। বিষয়ভিত্তিক বা প্রশাসন ক্যাডারদের জন্য এর বাইরে ২০০ নম্বরের পরীক্ষা দিতে হয়।প্রস্তুতিটা যখন মৌখিক পরীক্ষার জন্যলেখালেখির পালা শেষ। অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীকে ডাকা হবে মৌখিক পরীক্ষার জন্য, যার মোট নম্বর ১০০। এখানে পাস নম্বর ৪০। আবদুল আলীম বলেন, মৌখিক পরীক্ষায় প্রার্থীকে বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন করা হয়। সাম্প্রতিক ঘটনাবলি, প্রার্থী যে বিষয়ে স্নাতক করেছেন, সে বিষয়সহ প্রার্থীর ইংরেজির দক্ষতা যাচাইয়ের জন্য যেকোনো বিষয়ের ওপর দুই মিনিট ইংরেজিতে বলতে বলা হয়। ইতিহাস বা কোনো ঐতিহাসিক ব্যক্তিকে ধরেও প্রশ্ন করা হতে পারে বলে জানান তিনি। আরেকটি বিষয় না বললেই নয়। তা হলো, গত দুটি পরীক্ষায় অর্থাৎ ২৭ ও ২৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা ১০০ নম্বরের হলেও ২৯তম বিসিএস থেকে তা বাড়িয়ে ২০০ করার চিন্তা করা হচ্ছে।স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনমৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি মনোনীত হবেন। তবে তার আগে ভবিষ্যৎ সিভিল সার্ভিস অফিসার শারীরিকভাবে কতটা ফিট, তা যাচাইয়ের জন্য স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এখানে হেপাটাইটিস বি, ফুসফুস ও হূদযন্ত্রে কোনো সমস্যা আছে কি না, তা পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও আনুষঙ্গিক অন্যান্য তথ্য যাচাই-বাছাইয়ের জন্য পুলিশ ভেরিফিকেশন করা হয়। পুলিশ ভেরিফিকেশন রিপোর্টে আপত্তিকর কিছু পাওয়া না গেলে আপনার বিসিএস ক্যাডার হওয়া ঠেকায় কে!বাংলাদেশের প্রেক্ষাপটে বিসিএস ক্যাডার হওয়া একটি স্বপ্ন। উপরিউক্ত চারটি ধাপ পেরিয়ে যেতে পারলেই আপনি পৌঁছে যাবেন আপনার স্বপ্নের দোরগোড়ায়। তাই আর দেরি না করে প্রস্তুত হয়ে নিন বিসিএস মহারণের জন্য।